বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি গত ২৪ ডিসেম্বর থেকে অন্তরালে রয়েছেন। গত ১০ মাস ধরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে মোবাইল ফোন—কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। কিছুদিন আগে গুজব ছড়ায় তিনি বিয়ে করেছেন, এরপর শোনা যায় মা হতে যাচ্ছেন।
গত শুক্রবার (২৯ অক্টোবর) রাতে একটি সূত্রে জানা যায়, পপি মা হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। যদিও তার সন্তান হওয়ার কথা ছিল আরও কিছু দিন পরে। তবে নির্ধারিত সময়ের আগেই তার কোলজুড়ে এসেছে ছেলে সন্তান। যদিও নায়িকার কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কেননা বরাবরের মতো এখনো তার নম্বরটি বন্ধই রয়েছে।
এসব ঘটনার মধ্যেই পপির বাবা আবুল হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘পরিবার নিয়ে আমি অনেক দিন ধরেই খুলনায় আছি। শুনেছি পপি সন্তানসম্ভাবনা। এসব নিয়ে নানা জনের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। বাবা হিসেবে বেশ দুশ্চিন্তায় আছি। আমি বা আমার পরিবারের কেউই এ বিষয়ে কিছু জানি না। এমনকি পপির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এখন মেয়ে যদি বাবার ফোন না ধরে, তাহলে এই দুঃখ কাকে জানাব! আমরাও অপেক্ষায় আছি ওর খবর পাওয়ার।’
বিয়ের পর পপি কোথায় বসবাস করছেন, এ নিয়ে দুটি গুঞ্জন রয়েছে। কারো ধারণা, গাজীপুরের এক ব্যবসায়ীকে বিয়ে করে সেখানেই স্থায়ী হয়েছেন তিনি। আবার আরেকটি সূত্রে জানা যায়, তিনি বসবাস করেন ঢাকার একটি ডিপ্লোমেটিক এলাকায়।
এদিকে গত আগস্ট মাসে ঢাকা পোস্টের হাতে পপির মায়ের একটি ভিডিও বার্তা আসে। সেখানে তিনি দাবি করেন, পপি তার খোঁজ নেন না। এমনকি তারা একে-অপরের ঠিকানা পর্যন্ত জানেন না।
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। প্রথম ছবিতে তার নায়ক ছিলেন ওমর সানী। অ্যাকশন-কমেডি ঘরানার এই ছবি ও পপির অভিনয়, দুই-ই বেশ সাড়া ফেলেছিল। দুই যুগের ক্যারিয়ারে দুই কুড়ি ছবিতে দেখা গেছে এই নায়িকাকে। এর মধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার জিতেছেন তিন বার।
