কুমিল্লার ইকবাল পাগল নয়, সে সুস্থ ও সুচতুর: সিআইডি

নজর২৪ ডেস্ক- দুর্গাপূজার সময় কুমিল্লার মণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নন বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা বলছে, ইকবাল সম্পূর্ণ সুস্থ ও সুচতুর।

 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) খান মুহাম্মদ রেজোয়ান মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিউজবাংলাকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, ‘ইকবাল মানসিক ভারসাম্যহীন নন। তিনি সম্পূর্ণ সুস্থ ও সুচতুর। কোনো কিছুর প্রতি তার প্রবল বিশ্বাস আছে। ১১ দিনের রিমান্ডে তিনি সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক আচরণ করেছেন।

 

‘এ ঘটনা স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক রাজনীতি সংশ্লিষ্ট কি না সে বিষয়টি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। পাশাপাশি একাধিক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করে দেখা হচ্ছে।’

 

গত ১৩ অক্টোবর নগরীর নানুয়ারদীঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় কুমিল্লা নগরের কয়েকটি পূজামণ্ডপে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া জেলার সদর দক্ষিণ ও দাউদকান্দির দুটি মণ্ডপে হামলা হয়। এর জেরে চাঁদপুরের হাজীগঞ্জ, নোয়াখালীর চৌমুহনী, রংপুরের পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে।

 

গত ২১ অক্টোবর ইকবালকে কক্সবাজার সৈকত থেকে গ্রেপ্তার করা হয়।

 

গণমাধ্যমের হাতে আসা একটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, নানুয়ার দীঘির পাড়ের অদূরে দারোগাবাড়ি মাজারের মসজিদ থেকেই কোরআন শরীফটি সংগ্রহ করে মণ্ডপে রাখেন ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *