নিজের ভোটই দিতে পারলেন না আ.লীগ প্রার্থী কবিতা, নেপথ্যে যে কারণ

kobita rn34

নজর২৪, সিরাজগঞ্জ- জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথম ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

 

এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। ভোর থেকে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে সরব উপস্থিতি জানান দিয়ে যাচ্ছেন তিনি।

 

কিন্তু প্রার্থী হলে কী হবে, নিজের ভোটটাই দিতে পারলেন না নিজ এলাকায়! এ বিষয়ে কবিতা জানান, আমি ঢাকার গুলশানের ভোটার হওয়ার কারনে শাহজাদপুরে ভোট দিতে পারলাম না। তবে ভোটার ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করেছি।

 

তিনি আরও বলেন, আমি নিজে ভোট দিতে না পারলেও শাহজাদপুরের ভোটাররাই আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমি বিজয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত।

 

উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সাথে জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ্যাডঃ হুমায়ুন কবীর মোটরগাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

বিএনপি ভোট বর্জন করায় শাহজাদপুর উপজেলা জুড়ে নির্বাচনী উত্তাপ তেমন না ছড়ালেও ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মাঠ ঘাট পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন।

 

তার নির্বাচনী প্রতীকের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী কেন্দ্রে ভোটার উপস্থিতির বিষয়টি গুরুত্ব দিয়ে সবাইকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নৌকা প্রতিকে ভোট প্রদানের আহবান জানিয়েছেন।

 

অপরদিকে স্বতন্ত্র মোটরগাড়ি প্রতীকের প্রার্থী এ্যাডঃ হুমায়ুন কবীরের প্রচার প্রচারণা তেমন একটা চোখে পড়েনি। তবে সরব ছিলেন জাতীয়পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মোক্তার হোসেন। তবে সকাল থেকে কোন কেন্দ্র নৌকার এজেন্ট ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্ট চোখে পড়েনি কোন বুথে।

 

শাহজাদপুর উপজেলায় ভোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২০ হাজার ৭৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৩৪৩ জন ও মহিলা ভোটার সংখ্যা ২ লক্ষ ৫ হাজার ৪৩৭ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৬০টি, এর মধ্যে ৫৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

 

রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে আইনশৃংখলা নিয়ন্ত্রণের রাখতে ৮ প্লাটুন র‌্যাব, ৪ প্লাটুন বিজিবি, ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে।

 

তিনি আরো বলেন, আজ সারাদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, বিজিবি ও র্যা ব সদস্যরা টহল দিচ্ছেন। এবং প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার সদস্য, ৪ জন পুলিশ ও ১ জন পুলিশের অফিসার দায়িত্বপালন করছেন। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত প্রয় ১৫ ভাগ ভোট গ্রহণ করা হয়েছে।

 

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *