আরিয়ানের জামিনের খবরে কেঁদে ফেললেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক- ছেলের জন্য নিজের সব কাজ বন্ধ রেখেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তিন দশকের ক্যারিয়ারে সেভাবে আইনি ঝামেলায় জড়াতে হয়নি তাকে। কিন্তু বড় ছেলের মাদককাণ্ডের পর অনেকটা অসহায় হয়ে গিয়েছিলেন তিনি।

 

নিজের নাম প্রতিপত্তি, অর্থ, ক্ষমতা কোনো কিছুই কাজে আসছিল না তার। একের পর এক আদালত ঘুরে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। অবশেষে ছেলের জামিনের খবরে আবেগ ধরে রাখতে পারেননি এ বলিউড সুপার স্টার। আনন্দ অশ্রু জমেছিল তার চোখে।

 

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি বলেন, জামিনের খবর জেনে শাহরুখের চোখে ছিল আনন্দ অশ্রু। শাহরুখ গত তিন-চার দিন ধরে খুব চিন্তায় ছিল। ঠিকভাবে খাওয়া-দাওয়া করছিল না। শুধু কফির উপর কফি খেয়ে যাচ্ছিল। অবশ্য চিন্তা তো থাকবেই… অবশেষে ওর মুখের মধ্যে একটা স্বস্তির হাসি দেখলাম কিছুক্ষণ আগে, বাবার মন বলে কথা।

 

শাহরুখ খানের ২৩ বছর বয়সী ছেলে ২৬ দিন ধরে হেফাজতে রয়েছে, জামিনের খবর অবশ্যই হাসি ফুটিয়েছে তারকার মুখে। আরিয়ানের জামিনের শুনানিতে হাজির ছিলেন না শাহরুখ-গৌরী, তবে সেশন কোর্টে আরিয়ানের জামিনের আর্জি খারিজ হওয়ার পর গত ২১ অক্টোবর আর্থার রোড জেলে হাজির হয়েছিলেন তিনি। দিওয়ালি আর শাহরুখের জন্মদিন-মান্নতে কাটাবে আরিয়ান, এই ভাবনাই স্বস্তি দিচ্ছে পরিবারকে।

 

আরিয়ানের আইনজীবী আরও জানান, শাহরুখ নিজের সব পেশাদার দায়িত্ব ছেড়ে ছেলের মামলা নিয়েই ব্যস্ত ছিলেন। সবসময় আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি, লিগ্যাল টিমকে সাহায্যের জন্য নোট তৈরি করছিলেন শাহরুখ। আরিয়ানের জামিন মঞ্জুর হওয়ার পর লিগ্যাল টিমের সঙ্গে দেখাও করেন শাহরুখ। ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান সবাইকে।

 

মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক-পার্টিতে অংশ নিয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান। সেখান থেকে ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রমোদতরীতে মাদক নেওয়ার কথা স্বীকার করেন আরিয়ান।

 

সেখানে দাবি করা হয়, মাদক নেওয়ার কথা স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন আরিয়ান। তিনি বলেন, মাদক নিয়ে ভুল করেছেন। এও বলেন, এর আগে কখনো এমন কিছু করেননি তিনি।

 

আরিয়ানের সঙ্গে গ্রেফতার করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে।

 

৪ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন করেন তার আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই তার ছেলের জন্য মুম্বাইয়ের প্রভাবশালী এই আইনজীবীকে নিয়োগ দেন। কিন্তু মুম্বাইয়ের আদালত জানিয়ে দেন, আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবির হেফাজতে থাকতে হবে। এরপর ৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত।

 

এ রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই শাহরুখের আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। মুক্তি মেলে না আরিয়ানের। তার দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধমেচার জামিনের আবেদনও খারিজ করে দেন আদালত।

 

গত ২০ অক্টোবরও আরিয়ানের জামিন মেলে না। এরপর ছেলের জামিনের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হন শাহরুখ খান। উচ্চ আদালত ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। তবে ২৬ অক্টোবরও তার জামিন দেননি বোম্বে হাইকোর্ট। তবে ওই দিন অন্য দুই অভিযুক্ত অভিন শাহু ও মনীশ রাজগড়িয়ার জামিন মেলে।

 

অবশেষে গতকাল আদালত আরিয়ানের জামিন মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *