মধ্যরাতে আবাসিক হোটেল থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

নজর২৪, ঢাকা- রাজধানীর সেগুনবাগিচায় কর্ণফুলী আবাসিক হোটেল থেকে আদনান সাকিব (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার রাতে মরদেহ উদ্ধারের পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়।

 

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা বলেন, বুধবার (২৭ অক্টোবর) রাত ৯টায় তার স্ত্রী নুসরাত আফরিন থানায় এসে জানান তার স্বামী আদনানকে দুই দিন ধরে পাওয়া যাচ্ছে না। পরশুদিন দুপুরে শেষ কথা হয়, এরপর আর পাওয়া যায়নি। তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৯৫৪) করেন। আমরা সাকিবের মোবাইলের লোকেশন ট্র্যাকিং করি।

 

সেখানে দেখা যায়, সেগুনবাগিচা এলাকার একটি আবাসিক হোটেলে তার অবস্থান দেখাচ্ছে। কিন্তু সেখানে তাকে পাওয়া গেল না। পাশের কর্ণফুলী আবাসিক হোটেলে খোঁজ নিলে তার সন্ধান মেলে। আমরা ১০৭ নম্বর কক্ষে গিয়ে তাকে ডাকাডাকি করলেও সে দরজা খুলেনি। পরে দরজা ভেঙে দেখি তিনি ফ্যানের সঙ্গে ঝুলছেন।

 

পুলিশের এ কর্মকর্তা জানান, সাকিব একটি সুইসাইড নোট লিখে গেছে। সেখানে লিখেছে- তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তিনি স্ত্রীকে ভালো বলে গেছেন। তার স্ত্রীকে দোষারোপ না করার কথা লিখেছেন। সুইসাইড নোটে ১২ বছরের যন্ত্রণা থেকে মুক্তি চাওয়ার কথা বলা হয়েছে। তার কাছে ১ সেকেন্ড ১ বছরের মতো মনে হয় বলেও লেখা আছে।

 

এসআই পলাশ আরও জানান, সাকিবের বন্ধুরা জানায়, তিনি ঢাবি ২০১৪-১৫ সেশনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন। থাকতেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে। আমরা ঢাবির প্রক্টরকে জানিয়েছিলাম তিনি এসেছিলেন। তার পরিবারের কেউ এখনও আসেনি। তার স্ত্রী নুসরাত আফরিনকে বিষয়টি জানানো হয়েছে তারা এখানে আসছেন।

 

সহপাঠীরা জানান, সাকিব মানসিক সমস্যায় ভুগছিলেন। তার বাড়ি নীলফামারীর ডিমলা থানার উত্তর সোনাখুলী গ্রামে। তিনি আব্দুল মালেকের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *