অবশেষে ‘বিতর্কিত পোশাক’ নিয়ে মুখ খুললেন পরীমণি

বিনোদন ডেস্ক-  ২৪ অক্টোবর, রবিবার হোটেল রেডিসন ব্লুতে ৩০তম বার্থডে পার্টির আয়োজন করেন আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। আয়োজন শুরু হয়েছিল রাত ৮টা থেকে। জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড ছিল ছেলেদের সাদা এবং মেয়েদের লাল রঙের পোশাক। সেই নিয়ম মেনেই সকলে উৎসবে হাজির হন। অতিথিদের সঙ্গে ম্যাচিং করে পরীমনি সেজেছিলেন সাদা ও লাল রঙের মিশ্রণে।

 

এদিন অনেকটা বিমানবালার সাজে ধরা দেন বিতর্কিত এই নায়িকা। গায়ে ছিল লাল রঙের শার্ট, যেটি পেট বরাবর বাধা। সঙ্গে পরেছিলেন সাদা ধুতির মতো এক ধরনের পোশাক, সেটি আবার লুঙ্গির মতো করে কাছা দেওয়া। অর্থাৎ, উরু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত পুরোই উদোম। অন্যদিকে, নায়িকার মাথায় ছিল লাল-সাদা ওড়না প্যাঁচানো, সঙ্গে পালক। পায়ে লাল জুতা।

 

হোটেল রেডিসন ব্লুতে পরীমনির জন্মদিনের এই জমকালো আয়োজন এবং সাজ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও হয়েছে। সেখানেই নায়িকার এমন সাজকে অশ্লীল বলে উল্লেখ করা হয়েছে। পোস্ট হওয়া খবরের কমেন্ট বক্স ভরে গেছে নানারকম নেতিবাচক মন্তব্য। নারী নেটিজেনরাই বেশি নেতিবাচক মন্তব্য করেছেন পরীমনির সাজ নিয়ে।

 

এ প্রসঙ্গে গণমাধ্যমকে পরীমণি বলেন, ‘জন্মদিনের পোশাক আমি নিজেই পছন্দ করেছি। এটার আলাদা কোনো নাম নেই। কোনো ডিজাইনারও পোশাকটি বানায়নি। অনুষ্ঠানটি ঘরোয়া ছিল, তাছাড়া আমি তো আর সত্যি সত্যি ককপিটে বসে ফ্লাই করবো না। যে কারণে পোশাকের ক্ষেত্রেও কোনো রুলস মেনে করা হয়নি। জাস্ট পছন্দ হয়েছে পরেছি।’

 

প্রসঙ্গত, বর্তমানে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিং করছেন পরীমণি। ২৪ অক্টোবরও গুনিনের শিডিউল দেওয়া ছিল। তবে এ দিন জন্মদিন উদযাপন উপলক্ষে ছুটি নিয়েছিলেন নায়িকা। এ ছাড়াও এই মুহূর্তে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন পরী। গুনিনের পর প্রীতিলতা, বায়োপিক, অন্তরালে এবং মা’সহ আরও বেশ কিছু সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার।

 

আরও পড়ুন-

পরীমণির জন্মদিন: অবশেষে পাওয়া গেল সেই অনাথ আশ্রমের খোঁজ

 

বিনোদন ডেস্ক- পরীমণির জন্মদিন মানেই নতুন চমক। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ‘ফ্লাই উইথ পরীমণি’ অর্থাৎ ‘পরীমণির সঙ্গে ওড়ো’।

 

জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে এসেছিলেন পরীমণি। তবে এর আগে জন্মদিনের দুপুর কেটেছে এতিমখানায় শিশুদের সঙ্গে। পরম মমতায় শিশুদের মুখে তুলে দিয়েছেন খাবার। কেটেছেন কেক, পরীর কাছ থেকে উপহারও পেয়েছে শিশুরা।

 

এদিকে পাঁচতারা হোটেলে পরীমনির উচ্ছ্বসিত জন্মদিনের ভিডিও যখন সামাজিক যোগাযোগ মধ্যমে ভাইরাল, ঠিক তখনই নিজের ফেসবুক পেজে এই ঘটনার ভিডিও প্রকাশ করেছেন আলোচিত এই অভিনেত্রী। শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেয়ার এই ভিডিও প্রশংসিত হচ্ছে সবার কাছে।

 

মঙ্গলবার রাতে ৪ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে পোস্ট করেন পরীমনি। ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে বাজছিল, ‘তুমি নির্মল কর, মঙ্গল করে/মলিন মর্ম মুছায়ে’ রবীন্দ্র সংগীতটি।

 

ভিডিওর শুরুতে দেখা যায়, একটি সাদা প্রাইভেট কার থেকে অনাথ শিশুদের জন্য নামানো হচ্ছে উপহার ও খাবার। এরপর গ্রামের সরু পথ ধরে একটি অনাথ আশ্রমের দিকে হেঁটে যেতে দেখা যায় পরীমনিকে।

 

গণমাধ্যম খোঁজ নিয়ে জেনেছে, পরীমনি তার জন্মদিনের বড় একটি সময় যে অনাথ আশ্রমে কাটিয়েছেন সেটির অবস্থান গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দাহিন্দি গ্রামে।

 

সেখানে রোববার দুপুর আড়াইটার দিক থেকে বিকেল সোয়া ৫টা পর্যন্ত শিশুদের সান্নিধ্যে কাটান তিনি।

 

ভিডিওতে দেখা যায়, নিজ হাতে শিশুদের দুপুরের খাবার খাইয়ে দিচ্ছেন পরীমনি। নাম প্রকাশে অনিচ্ছুক পরীর এক সঙ্গী জানান, দুপুরের খাবারে ছিল মাটন বিরিয়ানি, চিকেন, ডিমের কোর্মা।

 

খাওয়ার পর্ব সেরে বাচ্চাদের সঙ্গে কেক কাটেন অভিনেত্রী। এর আগে সব শিশুর মাথায় নিজে হাতে পরিয়ে দেন জন্মদিনের ক্যাপ। কেক কাটার সময় হাততালি আর গানে গানে শিশুরা শুভেচ্ছা জানায় পরীমনিকে।

 

 

ফিরে আসার আগে শিশুদের উপহারও দিয়েছেন পরীমনি। কী ছিল সেই উপহার, জানতে চাইলে পরীর ওই সঙ্গী বলেন, ‘বই, ফাইল, জ্যামিতি বক্স, কালার পেন্সিল ছিল উপহারে।’

 

আশ্রম ভবনে পরীমনির জন্য নাচগানেও অংশ নেয় শিশুরা। উচ্ছ্বসিত অভিনেত্রীও যোগ দেন তাদের সঙ্গে।

 

অনাথ আশ্রমটি পরিচালনা করে লিভ ফর লাইফ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এর কর্ণধার প্রভুদান হালদার বলেন, ‘পরীমনি এখানে আসবে আমরা জানতাম না। ২২ তারিখে তামিম নামে একজন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনিই বলেন আপনাদের ওখানে আমরা একটা জন্মদিনের অনুষ্ঠান করতে চাই। আমরা হ্যাঁ বলে দেই, কারণ আমাদের এখানে অনেকেই আসেন প্রোগ্রাম করেন, শিশুদের সঙ্গে সময় কাটিয়ে যান। পরীমনির আসাতে শিশুরা বেশ আনন্দময় সময় কাটিয়েছে।’

 

পরীমনির পোস্ট করা ভিডিওতে যে মেয়েটিকে নাচতে দেখা যায় তার নাম মুন্নি হেমব্রম বলে জানান প্রভুদান। তিনি বলেন, ‘মুন্নি ছাড়াও সেদিন রীতা আক্তার নামে আরও একজন নেচেছিল। তারা দুজনেই এসএসসি পরীক্ষার্থী।’

 

প্রভুদান জানান, তাদের এনজিওটি অনাথ, পথশিশুদের খাদ্য ও শিক্ষা নিয়ে কাজ করে। এ কাজে বেশির ভাগ অর্থই আসে নানাজনের অনুদানে। দাহিন্দি গ্রামে তাদের আশ্রমে এখন ৬০ জন শিশু রয়েছে। অষ্টম শ্রেণি পাসের পর এই শিশুদের নানা রকমের হাতের কাজ শেখায় লিভ ফর লাইফ।

 

উল্লেখ্য, পরীমণির জন্ম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে নানার বাড়িতে। ছোটবেলায় মাকে হারানোর পর নানার কাছেই বেড়ে ওঠেন তিনি। ২০১১ সালে বিনোদন জগতে কাজের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। এরপর ২০১৫ সালে আত্মপ্রকাশ করেন সিনেমায়। এ পর্যন্ত তিনি প্রায় তিন ডজন সিনেমায় অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *