বিনোদন ডেস্ক- জীবনের ২৮ বছরে পা রাখলেন ঢাকাই সিনেমার অগ্নিকন্যা মাহিয়া মাহি। জন্মদিনের শুরুতেই রাত ১২টার পর বয়সের সঙ্গে মিলিয়ে ২৮টি ফানুস উড়িয়ে জন্মদিনের কেক কাটেন এ অভিনেত্রী। আর স্বামীর কাছ থেকে উপহার পেয়েছেন একগুচ্ছ কচুরিপানা ফুলও।
মাহিয়া মাহি জন্মদিনের অনুষ্ঠানস্থল থেকে লাইভে এসে ভক্তদের সঙ্গে আনন্দঘন সময়টি শেয়ার করে নেন। পাশাপাশি আয়োজনের খুটিনাটি বিষয়ও তুলে ধরেন এ অভিনেত্রী। পুরো আয়োজনটি করেন তার স্বামী ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিব।
সেখানে মাহির স্বামী রাকিব ছাড়াও উপস্থিত ছিলেন অনেক অতিথি। রাজনীতিবিদ ও ব্যবসায়ী স্বামী, তার আমন্ত্রিত অতিথিরা। সেখানে সবার উপস্থিতিতে কেক কেটেছেন এবং প্রিয়জনদের সেই কেক খাইয়ে দিয়েছেন।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’ দিয়ে যাত্রা শুরু মাহির। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন এই নায়িকা।
১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। মাহির পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় তিনি মাহিয়া মাহি নামেই জনপ্রিয়। তার পিতার নাম আবু বকর ও মায়ের নাম দিলারা ইয়াসমিনG
মাহি ঢাকার উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেন।
