Home জাতীয় আগুন সন্ত্রাস চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

আগুন সন্ত্রাস চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি: কাদের

0
172

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা আবারও আগুন সন্ত্রাসের পরিকল্পনা করছে। এই চক্রের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি।

 

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

 

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধীরা নিজেদের সব ব্যর্থতা ঢাকতে সাম্প্রদায়িক অপশক্তিকে হাতিয়ার করেছে। এ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, করোনার ভ্যাকসিন সংগ্রহে প্রধানমন্ত্রীর কৌশল বিশ্বে স্বীকৃত। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের জন্য নেওয়া পদক্ষেপ ও কর্মকাণ্ড বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে। শুধু বর্তমান নিয়ে নয়, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ায়ও কাজ করছেন তিনি। যখন অন্য রাজনৈতিক দল আগামী নির্বাচনের চিন্তা করে, তখন শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কাজ করেন।

 

তিনি বলেন, দেশে উন্নয়নকাজ চলছে, মানুষের সাময়িক সমস্যা হলেও এর ফলাফল হবে জনবান্ধব। আগামী বর্ষার আগেই জনদুর্ভোগ শেষ হবে।

 

সীমান্তসহ দেশব্যাপী যোগাযোগ খাতের যুগান্তকারী উন্নয়ন হচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

 

তিনি বলেন, দেশের মানুষের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজনীতিকে যারা ব্যবসার হাতিয়ার হিসেবে নেয়, তারা ভয়াবহ।

 

এসময় স্থানীয় সরকার নির্বাচনে নেতৃত্ব বাছাইয়ে যারা জনগণের জন্য নেতৃত্ব মনোনীত না করে পকেট বাণিজ্য করছেন তাদের সমালোচনা করেন তিনি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here