নয়াপল্টনে বিএনপির সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশ আহত, আটক ৩০

নজর২৪, ঢাকা- রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৩০ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বলেছে, আটককৃতরা নাশকতার চেষ্টা ও পুলিশের ওপর হামলা চালায়।

 

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ৩০ জনের মতো আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার দেখানো হবে।

 

এর আগে, মঙ্গলবার সকালে সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ব্যর্থতার প্রতিবাদে মিছিলের জন্য জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। পুলিশ তাদের মিছিলে বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। একপর্যায়ে দুই পক্ষে মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

 

দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্য শেষ হওয়ার পরই বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করেন। মহাসচিব বলেছেন কোনো মিছিল হবে না। তবু তারা মিছিল শুরু করে ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ আত্মরক্ষার্থে লাঠিচার্জ করেছে। তাদের হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন।

 

মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, আজ অনুমতি ছাড়াই বিএনপির একটি কমর্সূচি ছিলো৷ তারপরও আমরা শান্তিপূর্ণভাবে সেখানে ছিলাম। কিন্তু সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মীরা নাইটিঙ্গেল মোড়ে পুলিশের উপর অতর্কিতে উসকানিমূলক আচরণ করে। পরে আমরা তাদের লাঠিচার্জ করি। ছত্রভঙ্গ করে দেই।

 

তিনি জানান, সংঘর্ষে অন্তত ছয়জন পুলিশ আহত হয়েছে। তিনি বলেন, ‘এটা এখনও চূড়ান্ত হিসাব হয়নি। তবে ছয়জনের মতো (আহত) রয়েছেন।’

 

সংঘর্ষের পর অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করার কথাও জানান তিনি। তবে কত রাউন্ড টিয়ারশেল ব্যবহার করা হয়েছে, তা তিনি জানাতে পারেননি। তিনি বলেন, এটা হিসাব হয়নি। আরও পর বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *