আগামীকাল আদালতে যাবেন পরীমণি

নজর২৪, ঢাকা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগপত্র আমলে গ্রহণের শুনানিতে আগামীকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হবেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি।

 

আজ সোমবার পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আগামীকাল সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে পরীমনি আদালতে হাজির হবেন।

 

গত ১৩ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ মামলার অভিযোগপত্র পাওয়ার পর পরীমনির হাজিরা এবং অভিযোগপত্র আমলে গ্রহণের শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ঠিক করেন।

 

গত ৪ অক্টোবর পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকের মামলায় পরীমনির ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

 

এরপর আবারও ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়। ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। পরদিন কারামুক্ত হন পরীমনি।

 

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় চার্জশিট জমা দেন। চার্জশিটভুক্ত অপর দুই আসামি হলেন—পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো.কবীর।

 

চার্জশিট দাখিলের পর গত ১০ অক্টোবর পরীমনি ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *