বিনোদন ডেস্ক- দিন যতো গড়াচ্ছে, পরীর পাখা ততোই বিস্তৃত হচ্ছে আকাশে। আদালত পাড়া আর শুটিং লোকেশন- দুটোই চলছে সমান্তরাল। এরমধ্যে এসে গেলো পরীর বাৎসরিক দুই আনন্দের অন্যতম দিন।
মূল প্রসঙ্গে যাওয়ার আগে বলা ভালো, পরীমণি মূলত বছরে দুইবার সত্যি সত্যি আকাশে পাখা মেলেন। একটি কোরবানির ঈদে বিএফডিসিতে অন্যটি নিজের জন্মদিনে।
তো জেলমুক্তির পর দ্রুতসময়ে এসে গেলো পরীর জন্মদিন। আজ (২৪ অক্টোবর) এই ঢালিউড সুপার ওমেনের জন্মদিন। যথারীতি দিনটিকে ঘিরে পরী উড়ছেন আকাশে। মানিকগঞ্জে টানা শুটিং চলা গিয়াস উদ্দিন সেলিমের ইউনিট থেকে বের করলেন একদিনের ছুটি।
জন্মদিনের জমকালো আয়োজন করছেন রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। এদিন সন্ধ্যার পর আমন্ত্রণ জানালেন বেছে বেছে। ড্রেসকোডের ছলে বলে দিলেন, এবার তিনি উড়বেন শান্তির সাদা আর রেড অক্টোবরের মশাল নিয়ে। তাই মেয়েদের জন্য লাল আর ছেলেদের জন্য সাদা পোশাকের আবদার রাখলেন।
তবে প্রশ্ন উঠেছে, এই পার্টির স্পন্সর করলো কে? প্রশ্ন উঠবেই না কেন? পরীমনি জেল থেকে বেরিয়েই এই বিষয়ে গণমাধ্যমকে বলেছিলেন, যে হোটেল স্পনসর করবে, সেখানেই উৎসবটি করবো।
তিনি আরও বলেন, প্রতিবছর নিজের টাকায় জন্মদিন করেও কিছু মানুষের কথা শুনতে হয়। এত টাকা আমি কোথা থেকে পাই, এই সব নানা অবান্তর কথা। তাই সিদ্ধান্ত নিয়েছি, স্পনসর নিয়ে এবার জন্মদিন করবো। এবার আরো ফাটিয়ে উৎসব করবো।
জানা গেছে, ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে রোববার সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে জন্মদিনের কেক কাটবেন পরী। তবে স্পন্সরের বিষয়টি নিয়ে জানতে চাইলে পরী বললেন, ‘এগুলো বাজে কথা’।
পৃষ্ঠপোষক নিয়ে জন্মদিন উদযাপনের তথ্য উড়িয়ে দিয়ে পরী বলেন, ‘আমি আমার কাছের মানুষদের আমন্ত্রণ করব, তার জন্য আবার পৃষ্ঠপোষক লাগবে কেন?’
তিনি বলেন, ‘এবার আয়োজনে অনেক নতুন মানুষের সঙ্গে দেখা হবে আমার। কারণ নতুন করে অনেক মানুষ আমার পাশে থেকেছে। আমার বিশেষ দিনে তাদের সঙ্গে নিয়ে কাটাতে চাই।’
আমন্ত্রিত অতিথিদের ড্রেস কোড থাকলেও পরী নিজে কোন ধরনের পোশাক পরবেন, তার রংবিন্যাস বা ডিজাইন কেমন হবে, তা পরিষ্কার করে বলেননি ঢালিউডের লাস্যময়ী এই নায়িকা।
