মো: নজরুল ইসলাম, ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কে এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্ধারিত তারিখে নির্বাচন স্থগিত আদেশ বাতিল ও নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২৪ অক্টোবর) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবুবকর সিকদার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মো. তাইবুর রহমান, সুলতান হোসেন খান ও মোশাররফ মোল্লাসহ আরো অনেকে।
বক্তারা বলেন, আজ ২৪ অক্টোবর বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একটি চক্র তাদের স্বার্থ হাসিলের জন্য আদালতে মামলা-মোকদ্দমা করে নির্বাচন স্থগিত করিয়েছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান এ মানববন্ধনে। বক্তারা বিধি মোতাবেক নির্বচনের মাধ্যমে বিদ্যালয়ের পূর্র্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এসময় তারা আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। মানববন্ধনে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
