বিনোদন ডেস্ক- আগামীকাল ২৪ অক্টোবর ঢাকাই সিনেমার আলোচিত ও রহস্যময়ী নায়িকা পরীমনির জন্মদিন। প্রতি বছর রাজধানীর তারকা হোটেলে জমকালো আয়োজনে তিনি উদযাপন করেন এই দিনটি। এবারও একটি তারকা হোটেলে জন্মদিনের পার্টির আসর বসাচ্ছেন পরী।
ইতোমধ্যেই পরীমনি এক দিনের ছুটি নিয়েছেন। আগামী ২৫ অক্টোবর থেকে তিনি আবার ‘গুণীন’-এর শুটিং সেটে ফিরে যাবেন। কিন্তু আগামীকাল দিনটি তিনি রেখেছেন শুধুই নিজের জন্য। সত্যিই কি তাই? শুধুই নিজের জন্য?
আনন্দ কখনও একা করা যায় না। বিজ্ঞজনেরা বলেন, আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে হয়। কথাটি পরীমনির অজানা নয়। এ কারণে এই চিত্রনায়িকারও রয়েছে বিশেষ প্রস্তুতি। শুভাকাঙ্ক্ষীদের তিনি আমন্ত্রণ জানিয়েছেন সেই আনন্দযজ্ঞে যুক্ত হতে। আমন্ত্রণপত্রেও রয়েছে সৃজনশীলতার ছাপ।
আমন্ত্রণপত্র হাতে পেয়ে যে কেউ মনে করবেন এটি বিমানের টিকেট। আমন্ত্রণপত্রে বিমানের ছবিও রয়েছে। শিরোনামে লেখা: তোমার খাঁটি হৃদয় নিয়ে আমার কাছে এসো এবং আমার সঙ্গে উড়ে বেড়াও চিরদিনের জন্য।
পরীমনিকে যারা চেনেন, তারা জানেন তিনি মুক্তমনা। সবাইকে নিয়ে আনন্দ উদযাপন করতে ভালোবাসেন। এবারও সেই আয়োজনের যে ঘাটতি থাকবে না আমন্ত্রণপত্র দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু একটি বিষয় পরিষ্কার- বিশেষ বন্ধুরাই এদিন পরীমনির আনন্দ উদযাপনের সঙ্গী হবেন। পরীমনির ভাষায় যাদের রয়েছে ‘খাঁটি হৃদয়’।
প্রতি বছর পরীমনি জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য ড্রেস কোড বাধ্যতামূলক করে দেন। এবারও ড্রেস কোড হিসেবে পুরুষের জন্য সাদা আর নারীদের জন্য লাল রঙ বেছে নিয়েছেন তিনি। ড্রেস কোড না হলেও ‘খাঁটি হৃদয়’-এর বিষয়টিও যে বিবেচ্য আমন্ত্রণপত্রে ঈঙ্গিতে তাই কি বলে দিলেন না এই লাস্যময়ী?
উল্লেখ্য, গত বছর পরীমণির জন্মদিনের পার্টি হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এর আগের বছর তিনি বেছে নিয়েছিলেন হোটেল সোনারগাঁ। অর্থাৎ পরীর জন্মদিন মানেই পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজন, এ যেন অঘোষিত নিয়মে পরিণত হয়ে গেছে।
প্রসঙ্গত, পরীমণির হাতে বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। সম্প্রতি অংশ নিয়েছেন গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার শুটিংয়ে। শিগগিরই যোগ দেবেন ‘প্রীতিলতা’র পরবর্তী ধাপের চিত্রায়নে। ‘বায়োপিক’, ‘অন্তরালে’সহ আরও কিছু সিনেমাও রয়েছে তার ঝুলিতে।
