১৯ দিন পর ছেলেকে দেখতে কারাগারে শাহরুখ খান

বিনোদন ডেস্ক- প্রথমবার কারাগারে ছেলে আরিয়ানের সাথে দেখা করলেন সুপারস্টার শাহরুখ খান। গ্রেফতারের ১৯ দিন পর বৃহস্পতিবার সকালে মুম্বাই’র আর্থার রোড জেলে যান এই তারকা।

 

গতকালই দ্বিতীয় দফায় ২৩ বছর বয়সী আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করেন আদালত। কারাগারে ছেলের সাথে ১৫ মিনিট সাক্ষাতের সুযোগ পান শাহরুখ খান।

 

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মাদ ক নিয় ন্ত্রণ ব্যুরোর হাতে ছেলে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম তার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করলেন শাহরুখ।

 

সকাল ৯টার দিকে কারাগারে পৌঁছান বলিউড বাদশা। তার সঙ্গে ছিল আইনজীবীদের একটি দল। কারাগারে ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন শাহরুখ। দ্রুত সাক্ষাৎ সেরে বেরিয়ে যান তিনি। তার সঙ্গেই ফেরত যায় আইনজীবীদের দলটিও।

 

ছেলের সঙ্গে সাক্ষাতের বিষয়টি আড়ালেই রাখতে চেয়েছিলেন বলিউড তারকা। যে কারণে বড় কনভয় বা বড় গাড়ি নিয়ে তিনি আর্থার রোড কারাগারে যাননি। তিনি পৌঁছান একটি ছোট গাড়িতে। গাড়ির কাচ কালো। তখনও দেশের বাণিজ্যনগরীতে অফিস টাইম ঠিকঠাক শুরু হয়নি।

 

তবে শাহরুখের আসার খবর আগে থেকেই পেয়ে গিয়েছিল সংবাদমাধ্যমের একাংশ। ফলে তারা আর্থার রোড কারাগারের মূল ফটকের বাইরে ভিড় করেছিল। জমায়েত ছিল জেলের প্রহরীদেরও।

 

আর্থার রোড জেলটি মুম্বাই শহরের মধ্যেই। একটা সময়ে সেখানে বিশেষ টাডা আদালতে বিচার হয়েছিল বলিউডের নায়ক সঞ্জয় দত্তের। সেখানে বেশ কিছুদিন বন্দিও ছিলেন তিনি। বন্দি ছিল ২৬/১১ মামলায় অভিযুক্ত পাক জঙ্গি আজমল আমি কসাবও। শহরের মধ্যে একটি ব্যস্ত রাস্তার উপর ওই জেলের ফটকে অল্প লোক জমায়েত হলেই তা ভিড়ের চেহারা নেয়। বৃহস্পতিবার সকালেও তার ব্যতিক্রম হয়নি।

 

জেলের মূল ফটকের সামনেই গাড়ির পিছনের আসন থেকে নামেন শাহরুখ। পরনে খুব সাধারণ একটি গোল-গলা টি-শার্ট এবং জিনসের ট্রাউজার্স। মুখ ঢাকা কালো মাস্কে। চোখে কালো রোদচশমা। মাথার লম্বা চুল পনিটেলে বাঁধা। দেহরক্ষী পরিবৃত হয়ে তিনি দ্রুত জেলের ভেতরে চলে যান।

 

প্রশাসনের অনুমতির ভিত্তিতে সাধারণত এই ধরনের সাক্ষাৎ ৫ থেকে ১০ মিনিটের হয়ে থাকে। শাহরুখ জেলের ভেতরে ছিলেন প্রায় ১৫ মিনিট। তবে ওই সময়ের পুরোটাই তিনি আরিয়ানের সঙ্গে ছিলেন, এমন কথা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

সূত্রের খবর, বুধবারেই জেল কর্তৃপক্ষের থেকে পুত্রের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলেন শাহরুখ। সেই মতো বেলা গড়ানোর আগেই তিনি পৌঁছান জেলে।

 

আরিয়ানের সঙ্গে দেখা করে জেল থেকে বের হওয়ার পর শাহরুখ সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি। যেমন মুখ খোলেননি ভেতরে যাওয়ার সময়েও। লম্বা-চওড়া চেহারার দেহরক্ষী তাকে ঘিরে দ্রুত গাড়িতে তুলে দেন। অনতিবিলম্বে জেলচত্বর ছেড়ে যান শাহরুখ। তার সঙ্গে বেরিয়ে যায় তার আইনজীবীর দলও।

 

মহামারি চলাকালে কয়েদিদের সাথে দেখা করার ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মহারাষ্ট্র সরকার। সেই নীতিমালা অনুসরণ করে গেলো শুক্রবার পর্যন্ত ভিডিও কলে আরিয়ানের সাথে কথা হচ্ছিল অভিভাবকদের।

 

গত ২ অক্টোবর গোয়াগামী একটি ক্রুজ থেকে মাদক কান্ডে আটক করা হয় শাহরুখপুত্র আরিয়ানকে। এরপর তাকে গ্রেফতার করে এনসিবি। দুই দফা তার জামিন নাকচ করে দিয়েছেন আদালত। গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম ছেলের সাথে সামনাসামনি দেখা করলেন শাহরুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *