ইভ্যালির কার্যক্রম সাময়িক বন্ধ, জেল থেকে ‘রাসেলের বার্তা’

নজর২৪, ঢাকা- শত শত কোটি টাকার দেনার দায়ে পড়া ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি এবার সার্ভার বন্ধ করে দিয়েছে; কাজ করছে না অ্যাপও।

 

শনিবার আর্থিক অনটনে সার্ভারসহ অফিসের খরচ চালানো অনিশ্চিত হয়ে পড়েছে বলে গ্রাহকের অর্থ আত্মসাতের কারণে আলোচিত এ প্রতিষ্ঠানের ভেরিফাইড ফেইসবুক পেইজের এক পোস্টে বলা হয়েছে।

 

এমন প্রেক্ষাপটে নিজেদের সার্ভার বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করে ‘সুযোগ পেলে’ চার মাসের মধ্যে ‘সকল জটিলতা’ কাটিয়ে উঠতে পারবে বলেও দাবি করা হয়েছে এ পোস্টে।

 

অফিসিয়াল এ ফেইসবুক পেইজে আইনজীবীর মাধ্যমে কারাগারে থাকা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বক্তব্য তুলে ধরে এমন দাবি করা হয়।

 

ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অংশীদার হয়ে দেশের অনলাইন কেনাকাটাকে সবার হাতের মুঠোয় নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি অবিরাম। আমরা এই কাজকে এগিয়ে নিতে চাই। চাই আপনাদের সকলের সহযোগিতায় আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে চালিয়ে যেতে। আর এই সুযোগ পেলে সকলের সব ধরনের অর্ডার ডেলিভারি দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ ছিলাম, আছি, থাকবো।’

 

এতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে অজ্ঞাতনামা হিসেবে আমাদের সকল এমপ্লয়ি শঙ্কার মধ্যে দিন অতিবাহিত করছেন। আমাদের সম্মানিত সিইও এবং চেয়ারম্যান কারাগারে থাকায় আমাদের ব্যাংকিং-ও সাময়িকভাবে বন্ধ। এমন পরিস্থিতিতে আমাদের সার্ভারসহ, অফিসের খরচ চালানো এবং আমাদের এমপ্লয়িদের দায়িত্ব নেওয়ার বিষয়গুলোতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমাদের উকিলের মাধ্যমে আমাদের সম্মানিত সিইও’র বক্তব্য হলো- সুযোগ এবং সময় পেলে আমাদের পক্ষে ৪ মাসের মধ্যেই সকল জটিলতা গুছিয়ে ওঠা সম্ভব।’

 

পোস্টে আরো বলা হয়, ‘এই পরিস্থিতিতে আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহক এবং সেলারদের স্বার্থ সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট। দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে আমাদের এই যাত্রায় আমরা আপনাদের পাশে পেয়েছি সবসময়। আপনাদের এই ভালোবাসায় আমরা চিরকৃতজ্ঞ। সামনের দিনগুলোতেও আমরা এভাবে আপনাদের পাশে চাই। আপনাদের ভালোবাসার শক্তি আমাদের অদম্য পথচলার প্রেরণা।’

 

ইভ্যালির পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদও জানানো হয়।

 

প্রসঙ্গত, রোববার সকালেও ইভ্যালির ওয়েবসাইটে ঢোকা যায়নি। গুগল প্লে স্টোর ও অ্যাপলের স্টোরে ইভ্যালি অ্যাপ পাওয়া যায়। ইনস্টল করে ওপেন করতে গেলে অ্যাপটি ওপেন হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *