নিজস্ব প্রতিবেদক, নজর২৪- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বালুটিলা বাজারে চাঁদার দাবিতে স্থানীয় এক ছাত্রলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
গত শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধায় এ হামলা চালানো হয়। এ ঘটনায় শনিবার ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হেঁয়াকো বাজার এলাকার রাবার বাগান শ্রমিক নেতা আলী আক্কাস ভূট্টোর নেতৃত্বে একদল দুর্বৃত্ত ওই বাজারে এসে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. ইবরাহিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
এ সময় তাঁরা সেখানে ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে বলে ব্যবসায়ীকে শাসিয়ে দেন। দুর্বৃত্তরা তখন ব্যাপক ভাঙচুর করে। পরে বাজারের ব্যবসায়ীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পিছু হঠে। খবর পেয়ে ভুজপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী মো. ইবরাহিম নজর২৪কে জানান, আলী আক্কাস ভূট্টোর নেতৃত্বে তার ছেলে ইমরান মজুমদার কাওসারসহ একদল লোক চাঁদার দাবিতে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে স্থানীয় লোকজন ও অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলে তারা চলে যায়। তবে যাওয়ার আগে আমাকে হুমকি দিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছি।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ব্যাপারে ৪ জনের নামে মামলা হয়েছে। আমরা আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি।’
