Home ফিচার দেশের ৬ জেলায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ

দেশের ৬ জেলায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ

0
144

নজর২৪ ডেস্ক- দেশের কয়েকটি জেলার মোবাইল গ্রাহকেরা দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। অপারেটর সূত্রগুলো জানিয়েছে, ছয়টি জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে।

 

তারা জানায়, বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরো পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়। দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। এসব এলাকার গ্রাহকরা জানান, তারা মোবাইলে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

 

কুমিল্লার নানুয়ার দিঘিতে পবিত্র কোরআন অবমাননার জেরে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বিজিবি ও র‍্যাব মোতায়েন করেছে প্রশাসন। এ ছাড়া জেলার প্রতিটি পূজামণ্ডপে আর্মড পুলিশ দেওয়া হয়েছে। বুধবারের ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ঘটনার জেরেই ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি খতিয়ে দেখছে সরকার- বুধবার এক তথ্য বিবরণীতে সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। তথ্য বিবরণীতে বলা হয়েছে, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ঘটনা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সরকার বলছে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যদি কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও শান্তি–শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here