নজর২৪ ডেস্ক- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুপল্লিতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার আসামিদের ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী করার পর সমালোচনার মুখে তাঁদের মনোনয়ন বাতিল করেছে আওয়ামী লীগ।
নাসিরনগর সদর ইউনিয়নে আবুল হাসেমের পরিবর্তে সাবেক ইউপি সদস্য পুতুল রানী বিশ্বাস এবং হরিপুর ইউনিয়নে দেওয়ান আতিকুর রহমান আঁখির পরিবর্তে মো. ওয়াসিম আহমেদকে আওয়ামী লীগের প্রার্থী করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) এই দুই ইউনিয়নে প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন।
দ্বিতীয় দফায় ১১ নভেম্বর ভোটে অংশ নিতে গত মঙ্গলবার আওয়ামী লীগ নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করে। তাতে ২০১৬ সালে হিন্দুদের ওপর হামলার মামলায় অভিযোগপত্রভুক্ত এই দুই আসামিদের নাম দেখে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছিল।
২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে গুজব ছড়ানো হয়। গুজবের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাণ্ডব চালিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ১০টি মন্দিরসহ অন্তত শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় নাসিরনগর গৌরমন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন।
দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মো. শওকত হোসেন ২০১৭ সালের ১০ডিসেম্বর ২২৮ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ২২৮ জন আসামির মধ্যে নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মো. আবুল হাসেম এবং হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানের নাম উল্লেখ করা হয়। অভিযুক্তরা বর্তমানে জামিনে রয়েছেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, আবুল হাশেম ও দেওয়ান আতিকুর রহমানের মনোনয়ন বাতিল করতে কেন্দ্রে চিঠি পাঠিয়েছিলাম। কেন্দ্র থেকে তাদের দুইজনের মনোনয়নপত্র বদল করে নতুন প্রার্থী দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে।





