আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব না: রাইমা সেন

বিনোদন ডেস্ক- অনেকবারই তাকে ঘুরতে হয়েছে সাত পাকে। লাল বেনারসি, মাথায় মুকুট, মুখে চন্দন লাগিয়ে পানপাতায় মুখ ঢেকেছেন কয়েকবার। তবে সবই করেছেন পর্দায়। বাস্তবে কবে বিয়ের এসব আনুষ্ঠানিকতা পালন করবেন রাইমা সেন?

 

এ নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে কথা বলেছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা।

 

রাইমার বেশ কিছু নতুন স্থিরচিত্র ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। আর সে ছবি নিয়ে রটছে নতুন নতুন গুঞ্জন। এসব অজানা নয় সুচিত্রা নাতনির। যে ছবিগুলো ঘুরে বেরাচ্ছে সেই ছবিগুলোর আলোকচিত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল রাইমার।

 

উত্তর দেওয়ার আগেই খানিক উষ্মা প্রকাশ করলেন রাইমা, ‘যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। আমি কোনো চিত্রগ্রাহকের সঙ্গে ছবি যেই তুললাম, আর ১০টি গল্প হয়ে গেল! আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা-বাবা আছেন। তাদের বন্ধুরা এই সব মিথ্যা গল্প ওদের পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই।’

 

এরপরে খানিক স্থির হয়ে বললেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করব না। নিজের কাজটাই মন দিয়ে করব। নিজের মতো করে থাকব।’

 

শুটে রাইমার সঙ্গী ছিলেন নিখিল জৈন। ছবি তোলার ফাঁকেই গল্প জুড়ে দিলেন নিখিল-রাইমা। ডায়েট থেকে ডিম ভাজা, আলোচনা চলল সবকিছু নিয়েই। রাইমা মাংস খেতে ভালোবাসেন। পূজার চারদিন পাতে মাংস তার চাই-ই চাই। কিন্তু নিখিল আবার সেভাবে মাংস পছন্দ করেন না। তবে শরীরচর্চার প্রতি দু’জনের ভালোবাসা দেখার মতো।

 

তাদের ব্যক্তিজীবন নিয়ে চর্চা অবিরাম। কিন্তু সে সবের তোয়াক্কা করেন না তারা। ক্যামেরার খচখচ শব্দ, বিরিয়ানির গন্ধ আর এক রাশ গল্পে আরও গভীর হলো রাইমা-নিখিলের বন্ধুত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *