গাফ্‌ফার চৌধুরী নামটাই আমার জন্য এক মায়া: পরীমণি

বিনোদন ডেস্ক- ঢালিউড অভিনেত্রী পরীমনি মা দ ক মামলায় গ্রেপ্তার হওয়ার পর যে ক’জন পাশে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী একজন।

 

গ্রেপ্তারের পর নায়িকার মুক্তির জন্য সরব ছিলেন গাফফার চৌধুরী। শাহবাগ, প্রেসক্লাবসহ যেখানে পরীমনির জন্য মানববন্ধন হয়েছে, সেখানেই লন্ডন থেকে তিনি মোবাইল ফোনে বক্তব্য দিয়েছেন। পরীর মুক্তির দাবি জানিয়েছেন। শুধু তাই নয়, পরীমনির মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনও করেন তিনি।

 

এদিকে জামিনে মুক্তির পর ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকাকে নিয়ে সম্প্রতি কবিতা লিখেছেন তিনি। এ কবিতায় তিনি পরীমণিকে জোয়ান অব আর্ক, দয়মন্তী, স্কাইলার্কের মতো বলে উল্লেখ করেছেন।

 

যুক্তরাজ্য প্রবাসী বর্ষীয়ান লেখক আব্দুল গাফফার চৌধুরীর এমন ভালোবাসায় আপ্লুত পরীমণি। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আবদুল গাফ্‌ফার চৌধুরী’ নামটাই আমার জন্য এক মায়া।

 

ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা বলেন, জীবনে যাঁকে কখনো দেখিনি, এমন কেউ এভাবে কাউকে আগলে রাখতে পারেন, এই মানুষটা জীবনে না এলে কী করে বুঝতাম! আমি একটিবার তাঁকে দেখব বলে অপেক্ষায় আছি। সৃষ্টিকর্তা যেন জীবনে একবার হলেও তাঁর সঙ্গে দেখা করান।

 

দুঃসময়ে যারা পাশে দাঁড়িয়েছিলেন তাদের উদ্দেশ্যে পরীমণি বলেন, চিরকৃতজ্ঞ আমি। জায়গাটা যে অভিভাবকহীন নয়, এটা তারই বড় প্রমাণ। তাঁদের উদ্দেশে একটা কথাই বলব, আপনারা এভাবেই আমাকে আগলে রাখুন। আমি আপনাদের সম্মান রাখব, প্রতিজ্ঞা করলাম।

 

তিনি বলেন, নিজেকে শতভাগ প্রমাণের চেষ্টা আমার বরাবরই থাকবে। অভিনয়ের ক্ষেত্রে যখন যে সুযোগটা পাই, জান-প্রাণ দিয়ে সেটা যথাযথ করার চেষ্টা করি।

 

পরীমণি বলেন, ভয় পেলে লড়াই করা যায় না। পরিস্থিতিই মানুষকে যোদ্ধা করে। আর আমার জীবনে ভয় শব্দটাই মিসিং। তবে আমি যেখানেই থাকি, মনে হয়েছে মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে। মানুষ আমাকে ভালোবাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *