এএসপি পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতে এসে কারাগারে যুবক!

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে কলেজছাত্রীর বাড়িতে সহকারী পুলিশ পরিদর্শক (এএসপি) পরিচয়ে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে গ্রেফতার হয়েছে এক যুবক। সোমবার রাতে তাকে উপজেলার রুপসী গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তারকৃত প্রতারক শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কুচনিপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে সোলায়মান কবির (৩৫)।

 

পুলিশ জানায়, ফেসবুকে পরিচয়ে ওই ছাত্রীকে সোলাইমান কবির ৪০তম বিসিএসের মাধ্যমে পুলিশের এএসপি পদে নিয়োগপ্রাপ্ত বলে জানান। ওই ছাত্রী তাকে তার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলেন। কথামতো বিয়ের প্রস্তাব নিয়ে গেলে সেখানে একই পরিচয় দেন সোলাইমান।

 

তবে তার কথাবার্তায় সন্দেহ হলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে নিয়ে যায়। এ সময় ওই যুবকের কাছে থাকা পুলিশের বুট, একটি মোবাইল ও মানিব্যাগ জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা দায়ের করা হয়।

 

ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রথমে মোবাইলে কথা বলে আমি নিশ্চিত হই যুবকটি প্রতারক। পরে পুলিশ ফোর্স পাঠিয়ে তাকে থানায় এনে আরো জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তিনি নিজেকে এএসপি পরিচয় দিয়ে কমপক্ষে ৩৫ থেকে ৪০ জন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করেছে।

 

তিনি আরও বলেন, ওই প্রতারকের নামে ফুলপুর থানায় প্রতারণা মামলা দায়ের করে ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার (১২ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *