শাহজাদপুরে ট্রাক বোঝাই ভেজাল গো-খাদ্য নদীতে ফেলে ধ্বংস

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকভর্তি ভোজাল গো-খাদ্য করতোয়া নদীতে ফেলে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৪ টায় পৌর শহরের করতোয়া নদীর উপরে নির্মিত সেতুর উপর থেকে ভুষি নদীতে ফেলে ধ্বংস করা হয়।

 

জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টায় দ্বারিয়াপুর ভুষি পট্টি থেকে ট্রাকভর্তি ভেজাল গো-খাদ্য (ভুষি) অন্যত্র পাচার করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) লিয়াকত সালমানের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে ভেজাল গো-খাদ্য ভর্তি ট্রাকটি আটক করে উপজেলা চত্বরে নিয়ে আসা হয়।

 

এদিন বিকালে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ট্রাকভর্তি ৫৫০ বস্তা ভোজাল গো-খাদ্য (ভুষি) করতোয়া নদীর পানিতে ফেলে ধ্বংস করা হয়।

 

উল্লেখ্য, গত ৯ অক্টোবর শাহজাদপুর উপজেলা পশু সম্পদ দপ্তরের উদ্দোগে ভেটেরিনারী সার্জন ডাঃ মীর কাউসার ও সহকারী কমিশনার (ভুমি) লিয়াকত সালমান এর নেতৃত্বে পৌর শহরের দ্বারিয়াপুর ভুষি পট্টিতে ভেজাল বিরোধী অভিযান চালানো হয়।

 

এসময় মেসার্স রিয়াদ ট্রেডার্স নামের একটি ভুষির দোকানে ও গাডাউনে প্রচুর পরিমাণ ভেজাল গো-খাদ্যের মজুদ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভেজাল গো-খাদ্য রাখার অপরাধে দোকানের মালিক মোঃ সাউদ হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা ও মজুদকৃত ভেজাল গো-খাদ্য ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।

 

শাহজাদপুর উপজেলা পশু সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ মীর কাউসার জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা খবর দেয় যে অভিযুক্ত রিয়াদ ট্রেডার্সের মালিক মোঃ সাউদ হোসেন ধ্বংস করার নির্দেশনা দেওয়া ভেজাল গো-খাদ্য গুলো অন্যত্র পাচারের উদ্দেশ্যে ট্রাকভর্তি করছে।

 

পরে সহকারি কমিশনার (ভুমি) লিয়াকত সালমানের সহযোগীতায় ট্রাকভর্তি ভেজাল গো-খাদ্য (ভুষি) জব্দ করা হয় এবং গোডাউন সিলগালা করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারি কমিশনার (ভুমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করতোয়া নদীর পানিতে ফেলে ৫৫০ বস্তা ভেজাল ভুষি ধ্বংস করার নির্দেশ দেন।

 

সহকারি কমিশনার (ভুমি) লিয়াকত সালমান বলেন, শাহজাদপুর একটি দুগ্ধ সমৃদ্ধ অঞ্চল। এই গো-সম্পদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল গো-খাদ্যের ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, শাহজাদপুরের গো-সম্পদ রক্ষায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। যারাই ভেজাল গো-খাদ্য বিক্রির সাথে জড়িত থাকবে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *