নজর২৪, পটুয়াখালী- পটুয়াখালীর বাউফলে রাতে এক বিধবার (৪০) ঘরে ঢুকে জনতার হাতে আটক হন বাউফল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম (৪২)। এ ঘটনায় শনিবার (৯ অক্টোবর) তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এএসআই রফিকুল ইসলাম (৪২) বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরের প্রবেশ করেন। কিছু সময় ওই নারী সঙ্গে কাটানোর পর ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় প্রতিবেশী কয়েকটি বাড়ির শতাধিক লোকজন তাকে আটক করে।
একপর্যায়ে তাকে মার ধর করেন। এসময় ওই এএসআই এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে স্থানীয় কয়েক যুবকের তিনটি বিকাশ নম্বরে ৪৫ হাজার টাকা দেন। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে তিনি ছাড়া পান। এরপর সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনা জেলা পুলিশ সুপার অবহিত হওয়ার পরে ওই এএসআইকে পটুয়াখালী পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এএসআই রফিকুল ওই নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছিল। যা এলাকায় ব্যাপকভাবে আলোচিত। এ কারণে রফিকুলকে হাতেনাতে আটক করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, শনিবার এএসআই রফিকুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পটুয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
