Home আলোচিত জামিনের মেয়াদ বাড়াতে কাল আদালতে যাবেন পরীমণি

জামিনের মেয়াদ বাড়াতে কাল আদালতে যাবেন পরীমণি

0
102

নজর২৪, ঢাকা- আদালতে চিত্রনায়িকা পরীমণির হাজিরার দিন ধার্য রয়েছে আগামীকাল রোববার (১০ অক্টোবর)। এদিন আদালতে হাজির হয়ে তিনি জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করবেন বলে জানা গেছে।

 

আজ শনিবার (৯ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি।

 

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আগামীকাল (রোববার) ধার্য তারিখে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা নাগাদ আদালতে এসে হাজিরা দেবেন পরীমনি। তিনি এ মামলায় চার্জশিট দাখিল হওয়া পর্যন্ত জামিন পান। সে হিসেবে তার জামিনের মেয়াদ শেষ হবে আগামীকাল। যার ফলে পরীমনি কাল সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করবেন।

 

‘আশা করছি, তিনি আবারও জামিন পাবেন। কারণ, তার শুটিং শুরু হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় নিয়ে তার জামিন বর্ধিত করে আদেশ দেবেন। তা ছাড়া তিনি জামিনে বেরিয়ে কোনো প্রকার আইনি ব্যত্যয় করেননি। আগামীতেও করবেন না বলে আশা প্রকাশ করছি।’

 

এই মাদক মামলায় পরীমনিকে গত ৩১ আগস্ট অভিযোগপত্র জমা না হওয়া পর্যন্ত জামিন দেয় ঢাকা মহানগর দায়রা জজ এ কে এম ইমরুল কায়েশের আদালত। জামিন আদেশ পৌঁছানোর পরের দিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফেরেন ‘বিশ্ব সুন্দরী’-খ্যাত এই অভিনেত্রী।

 

গত ৪ অক্টোবর মামলাটির তদন্ত সংস্থা সিআইডি ঢাকার মুখ্য মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেয়। এতে পরীমনিসহ তিনজনকে অভিযুক্ত করা হয়। অপর দুজন হলেন পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু কবীর হাওলাদার। আসামিদের সবাই জামিনে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here