বিনোদন ডেস্ক- সময়ের আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট পর্দা দিয়ে যাত্রা শুরু করে সিনেমায়ও অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘ভয়ংকর সুন্দর’ ছবি দিয়ে প্রশংসা পেয়েছেন তিনি।
এরপর নিয়মিত কাজ করেছেন নাটক-টেলিছবিতে। অভিনয়ের বাইরে লেখালেখি কিংবা ছবি আঁকায়ও সময় দেন এ অভিনেত্রী। মাঝে মধ্যে নানা ইস্যুতে মন্তব্য করে ও ছবি পোস্ট করে আলোচনায় থাকেন।
অভিনয় জীবনে নানা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে বাংলাভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘হিট’। এ নাটক, বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা হয় তার-
‘হিট’ নাটকে আপনাকে চা বিক্রেতার চরিত্রে দেখে অনেকে অবাক হয়েছেন। আপনি কি ভেবেছিলেন, এই চরিত্র নিয়ে এতটা আলোচনা হবে?
দর্শকের কাছে ঝুমকা নামের চা বিক্রেতার চরিত্রটি যেন বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, সে চেষ্টাই আমি করেছি। চরিত্র নিয়ে আলোচনা-সমালোচনা কতটা হবে, তা নিয়ে কোনো অনুমান ছিল না। দর্শক ঝুমকা চরিত্রে আমাকে নতুন রূপে দেখেছেন। কেউ কেউ বলেছেন, চরিত্রের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পেরেছি। দর্শকের এমন মন্তব্যের পর আর কিছু চাওয়ার থাকতে পারে না।
ঝুমকা চরিত্রে অভিনয় কি চ্যালেঞ্জিং মনে হয়েছিল?
ঝুমকার মতো তরুণীদের এই শহরের অনেক জায়গায় দেখা যায়। তারপরও চোখে দেখা এই চরিত্র পর্দায় বাস্তব করে তুলে ধরা সহজ ছিল না। কিন্তু আমি এ ধরনের চ্যালেঞ্জিং চরিত্রেই অভিনয় করতে পছন্দ করি। তাই পরিচালক মুহম্মদ মোস্তফা কামাল রাজের কাছে ঝুমকা চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চেয়েছি।
বিটিভির ‘এখানে কেউ থাকে না’ নাটকে অভিনয়ের আগেও কি চরিত্রকেই গুরুত্ব দিয়েছেন?
কোনো গল্প বা চরিত্র ভালো না লাগলে আমি অভিনয় করি না। প্রতিদিন পর্দায় নিজেকে দেখানোর জন্য অভিনয় করতে হবে- এটাও মনে করি না। তাই যতটা না পেশাদারি ভাবনা, তার চেয়ে বেশি অভিনয়ের প্রতি ভালোবাসা কাজ করে। ‘এখানে কেউ থাকে না’ নাটকেও এই ভাবনা নিয়ে কাজ করেছি। নাটকের অর্পিতা চরিত্রের সঙ্গে নিজের জীবনের একটা মিলও খুঁজে পেয়েছি। মিলটা হলো আর্পিতা এবং আমি দু’জনই ছবি আঁকতে ভালোবাসি। অবশ্য এর বাইরে অভিনীত চরিত্রের সঙ্গে আর কোনো মিল নেই।
আপনার ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমাটি কবে মুক্তি পাবে?
এ বিষয়ে নির্মাতারা ভালো বলতে পারবেন। কারণ, সিনেমা মুক্তির পুরো বিষয়টি তাদের হাতে।
সিনেমায় আবার কবে দেখা যাবে?
এর মধ্যে বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েও তা ফেরাতে হয়েছে। দর্শক এবং নিজের ভালো লাগবে- এমন কাজের প্রস্তাব পেলেই শুধু সিনেমায় অভিনয় করব। তাই আবার কবে আমাকে সিনেমায় দেখবেন, তা নিশ্চিত করে বলতে পারছি না।
