আন্তর্জাতিক ডেস্ক- সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে আছেন তিন বাংলাদেশি। ইয়েমেন সীমান্তের কাছে সৌদির জাজান শহরে স্থানীয় সময় শুক্রবার শেষ রাতে ওই ড্রোন হামলা হয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ড্রোন হামলায় আহতের মধ্যে সৌদির ছয় যাত্রী ও বিমানবন্দর কর্মী, বাংলাদেশের তিন এবং সুদানের এক শ্রমিক রয়েছেন।
আহত পাঁচজনের আঘাত গুরুতর নয়। বাকিদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই হামলায় বিমানবন্দরেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
এসপিএ জানায়, সৌদি আরবকে লক্ষ্য করে প্রথম হামলার পরের দিন শনিবার ভোরে আরেকটি ড্রোন হামলা হয়। দ্বিতীয় ড্রোন হামলা রুখে দেয়া হয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ড্রোন হামলার ফলে বিমানবন্দরটির ফ্লাইট চলাচল কার্যক্রম ব্যাহত হয়নি।
কোনো পক্ষ বা গোষ্ঠী এখনও বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেনি। তবে, ইরানের মদদপুষ্ট হুতি গোষ্ঠী প্রায়ই সৌদি আরবের নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে থাকে।
জিজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দর ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ইয়েমেনে ইরানের মদদপুষ্ট হুথি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানসুর হাদীসহ অন্যান্য গোষ্ঠীকে ২০১৫ সাল থেকে সহায়তা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।
