রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে পথচারিদের জন্য বরাদ্দকৃত পাবলিক টয়লেট এক বিত্তশালীর বাড়িতে নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ইতিমধ্যে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির সুষ্ঠ বিচার চেয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন, উপজেলা নির্বাহী অফিসার, র্যাব-১২, শাহজাদপুর প্রেসক্লাব ও শাহজাদপুর থানা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোমিন লোকাল গভার্ন্যন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিপি-৩) থেকে একটি পাবলিক টয়লেট নির্মাণ করার জন্য ২ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ পায়।
অভিযোগকারী জানান, সরকারী নির্দেশনা মোতাবেক পাবলিক টয়লেটটি একটি সরকারি জায়গায় এবং গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করার কথা থাকলেও এলাকার ইউপি সদস্য আব্দুল মোমিন নিজেদের ইচ্ছামতো দরগাহর চর এলাকায় জনৈক বিত্তশালী হান্নানের একটি বসতভিটায় স্থাপন করেন। যা সম্পূর্ণ আইন বহির্ভূত, এছাড়া এ পাবলিক টয়লেট নির্মাণে যে ব্যয় ধরা হয়েছে তার অধিকাংশ টাকাই আত্মসাৎ করেছেন।
সরেজমিনে দরগাহর চরের ইট, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবসায়ী হান্নানের বাড়িতে গিয়ে দেখা যায়, লোকাল গভার্ন্যন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিপি-৩) এর লেখা সংবলিত একটি ২ কক্ষ বিশিষ্ট পাকা সেপটিক ট্যাংকিসহ টয়লেট নির্মাণ করা হয়েছে।
সাংবাদিকদের দেখে বাড়ির একজন মহিলা এগিয়ে এসে জানান বাড়িটির মালিক হান্নান। এসময় পাকা টয়লেটটি কার অর্থায়নে নির্মাণ করা হয়েছে জানতে চাইলে তিনি প্রশ্নের জবাব না দিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েন। পরে ব্যবসায়ী হান্নানকে ঘটনাস্থল থেকে মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এই বিষয়ে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মোমিন বলেন, ‘সরকারি জায়গা না থাকায় হান্নানের বাড়িতে টয়লেট নির্মাণ করা হয়েছে।’ তবে তিনি অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করেন।
এই বিষয়ে হাবিবুল্লাহনগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চু বলেন, ইউপি সদস্য ভুল জায়গায় টয়লেট নির্মাণ করেছেন। ইউএনও সাহেবের সাথে আলোচনা করে সরকারি জায়গায় একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।
এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
