এক ইলিশের দাম ৫,৫০০ টাকা!

নজর২৪, ভোলা- ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে জালে ধরা পড়েছে প্রায় দুই কেজি ওজনের বড় এক ইলিশ যাকে স্থানীয়রা নাম দিয়েছেন ‘রাজা ইলিশ’। মাছটি ঘাটে তুলতেই একনজর দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও বিক্রতারা।

 

জানা গেছে, শনিবার দুপুরে ভোলার তজুমদ্দিন মেঘনা নদীর শশীগঞ্জ স্লুইসগেট এলাকায় জেলে আলমগীর মাঝির জালে ছোট ও মাঝারি আকারের পাঁচটি ইলিশের সাথে ধরা পড়ে এই বড় রাজা ইলিশ মাছটি। বিকেলে তজুমদ্দিন উপজেলার শশিগঞ্জ গ্রামের মাছঘাটে মাছটি নিলামে তোলা হলে মাছ ব্যবসায়ী কুট্টি বেপারী সর্বোচ্চ দামে পাঁচ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। এ ছাড়া বাকি পাঁচটি মাছ তিন হাজার টাকায় কেনেন তিনি।

 

মাছ ব্যবসায়ী কুট্টি ব্যাপারী বলেন, ‘অভিযান শুরুর আগে এখন নদীতে মোটামুটি মাছ ধরা পড়ছে। মৌসুমের শুরুর দিকে নদীতে বড় মাছের দেখা মেলেনি। এখন সপ্তাখানেক হলো নদীতে বড় ইলিশের দেখা মিলেছে। এই কয়েক দিনের মধ্যে এটাই ঘাটের সবচেয়ে বড় ইলিশ।’ তিনি আরো বলেন, ঢাকায় অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে মাছটিকে মোকামে পাঠানো হয়েছে।

 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বলেন, বর্তমানে সাগর থেকে অনেক বড় বড় মাছ ডিম ছাড়ার জন্য নদীতে চলে আসছে। তাই জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *