এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না: মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাধায়ক সরকার ছাড়া বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না।’ আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মির্জা ফখরুল এসব কথা বলেন।

 

এর আগে মির্জা ফখরুল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের বাবার কুলখানি অনুষ্ঠানে অংশ নেন।

 

বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সম্ভব হতে পারে। তিনি বলেন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে। তাহলেই নির্বাচন করা সম্ভব। অন্যথায় নির্বাচন সম্ভব নয়।’

 

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি কখনোই অদৃশ্য শক্তির বলে ক্ষমতায় আসেনি। যতবার ক্ষমতায় এসেছে, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। বর্তমান সরকার অদৃশ্য শক্তির সহায়তায় আগের রাতে ভোটবাক্স ভরে ক্ষমতা দখল করে বসে আছে।’

 

মির্জা ফখরুল বলেন, ‘দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। ফ্যাসিবাদ সরকারের অধীনে দেশ পরিচালিত হচ্ছে। বিএনপিসহ বিরোধীদলগুলো কার্যক্রম পরিচালনার জন্য কোনো স্পেস পাচ্ছে না। শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দল একটি দুর্বিষহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে সরকার গৃহবন্দি করে রেখেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আট হাজার মাইল দূর থেকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে বিএনপি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত হয়েছে। বিএনপির অঙ্গসংগঠনসহ সারাদেশে জেলা বিএনপি সংগঠিত হয়েছে।’

 

তিনি বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সব নির্বাচন তাদের মতো করে পরিচালনা করেছে। নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ রেখে একটি তোষণমূলক প্রতিষ্ঠানে পরিণত করেছে। যে কারণে দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। দেশ ও বিদেশে একটি প্রহসনের নির্বাচন হয়েছে।’

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে স্থানীয় সরকারের কোনো নির্বাচনে বিএনপি আপাতত দলীয়ভাবে অংশ নেবে না বলে সিদ্ধান্ত হয়েছে।’

 

কুলখানি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ, সদস্য রুহল আমিন সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *