লুঙ্গি পরে মাদারগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন শাকিব খান!

বিনোদন ডেস্ক- জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে শাকিব খানের নতুন ছবির শুটিং। ছবির নাম ‘গলুই’। প্রথম দিনের শুটিংয়েই চমকে দিয়েছেন শাকিব খান। মাথায় গামছা বেঁধে লুঙ্গি পরেই শুটিংয়ে নেমেছেন জনপ্রিয় এ চিত্রনায়ক। শাকিব খানের শুটিংয়ে ছিল উপচে পড়া ভিড়। শুটিং ইউনিটের হিমশিম খেতে হয়েছে জনতার চাপ এড়াতে।

 

পরিচালক অলিক বলেন, ‘এ লোকেশনে এর আগে শুটিং হয়নি। তাছাড়া শাকিব খান এসেছেন শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ শুটিং এবং শাকিব খানকে একনজর দেখতে এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উৎসুক জনতা সামলাতে হিমশিম খাচ্ছেন। এর মধ্যেই ভালোভাবে এই লোকেশনে প্রথমদিনের শুটিং শেষ হলো।’

 

‘গলুই’ ছবিতে তাকে দেখা যাবে অজপাড়া গাঁয়ের এক মাঝির চরিত্রে। আর এ চরিত্র রূপদান করতে শাকিব নিজেকে পুরোপুরি ভেঙেছেন। তাই বোঝা গেল লুক দেখে!

 

গলুই-তে শাকিব খান লালু চরিত্রে অভিনয় করছেন। অলিকের ছবিতে অভিনয় করে এর আগে শাকিব খান জাতীয় পুরস্কারও পেয়েছেন। তাই নতুন এই ছবি নিয়ে শাকিবভক্তদের প্রত্যাশাও বেশ।

 

অলিক জানান, শাকিব খান নিজেকে পুরোপুরি ভেঙ্গে পর্দায় হাজির হচ্ছেন। দর্শকরা এক নতুন শাকিবকে দেখতে পাবে।

 

‘গলুই’ ছবিতে শাকিব খানের নায়িকা পূজা চেরী। বড় পর্দার দর্শক এবারই প্রথম নতুন জুটির রসায়ন দেখতে পাবেন। আরও অভিনয় করছেন আজিজুল হাকিমসহ একঝাক অভিনয়শিল্পী।

 

সরকারি অনুদানের সিনেমা গলুই প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।

 

নৌকার গলুই থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে গলুই। গলুই যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ, তাই এ গলুইয়ের সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে চিত্রনাট্য।

 

গলুই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমার গানে ফিরেছেন হাবিব ওয়াহিদ। তার সুর, সংগীত ও কণ্ঠে দুটি গান থাকছে সিনেমায়। যার একটি লিখেছেন এস এ হক অলিক ও আরেকটি লিখেছেন সোহেল আরমান।

 

হাবিবের সঙ্গে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী জারিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *