নজর২৪, যশোর- `দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় জমি রেজিস্ট্রি করতে পারেননি’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
বুধবার বেলা ১২টায় যশোরের মণিরামপুরে এক সমাবেশে তিনি বলেন, “কখনও মিথ্যা তথ্য দেওয়া উচিত নয়। আমরা যেখানে কথা বলছি, একটি অফিস দেখছি এখানে। সেখানে লেখা আছে, আমি এবং আমার অফিস দুর্নীতিমুক্ত। এই তথ্য কি সঠিক?
“সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া কোনো কাজ হয় না। আমি গত সপ্তাহে একটি জমি রেজিস্ট্রি করতে গিয়ে দুর্নীতির রেট অনুযায়ী টাকা দিতে না পারায় সেই জমি রেজিস্ট্রি হয়নি।”
প্রতিমন্ত্রী জানান, ছেলেকে পাঠিয়েছিলেন সেই জমি রেজিস্ট্রি করার কাজে। কিন্তু ঘুষ না দেওয়ায় তার জমিটি রেজিস্ট্রি হয়নি। এ কারণেই ‘দুর্নীতিমুক্ত’ সাইনবোর্ড টাঙিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে মণিরামপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা এমআরডিআই জনসচেতনতা বিষয়ে এই সমাবেশের আয়োন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য।
সভায় তিনি আরও বলেন, দেশে জনকল্যাণে যত আইন হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনাতাত্তোর যে সংবিধান দিয়েছেন সেটিও বৈষম্যহীন একটি রাষ্ট্রব্যবস্থার রূপরেখা। তার কন্যাও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে ২০০৯ সালে জনগণকে তথ্য অধিকার আইন নামক ব্রহ্মাস্ত্র উপহার দেন এবং এর দ্বারা মানুষ উপকৃত হচ্ছে।
ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) খুলনা অঞ্চলের সমন্বয়ক মবিনুল ইসলাম মবিনের সভাপতিত্বে সমাবেশে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার চক্রবর্তী বাচ্চু, পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, বেসরকারি উন্নয়ন সংস্থা এমআরডিআইর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।
