বিনোদন ডেস্ক- এ এক কাণ্ডই বটে। চেয়ারম্যান হলো ক্ষমতাধর, এলাকার মান্যগণ্য। তার মেয়ে কলেজে পড়ে। তারও অন্য রকম কদর আছে এলাকায়। হয়তো ভয়ে তার দিকে কেউ চোখ তুলে তাকায় না।
সেই মেয়ের সঙ্গে রাখাল ছেলের কি সম্পর্ক হতে পারে? কিন্তু প্রেমের ধর্মই তো সব বাধাকে উপেক্ষা করে মনের মানুষকে কাছে পাওয়া। এই স্বপ্ন পূরণ করতে কত না কাণ্ড করতে হয় চেয়ারম্যানের মেয়ে আর রাখাল ছেলেকে।
হয়তো এমনই গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে পিয়া রে সিনেমার শুটিং। তবে গল্প নিয়ে কোনো ধারণা দেননি সিনেমাটির সংশ্লিষ্টরা। তবে সিনেমার নায়ক শান্ত খান জানিয়েছেন, তাকে রাখাল ছেলের চরিত্রে আর কৌশানীকে দেখা যাবে চেয়ারম্যানের মেয়ের ভূমিকায়।
চাঁদপুরে চলছে সিনেমাটির দৃশ্যধারণ। প্রথম লটের শুটিং চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
সম্প্রতি শুটিংয়ের একটি ছবি প্রকাশ পেয়েছে ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে শান্ত খান বাইকে বসে আছেন। তাকে সাজানো হয়েছে রাখাল ছেলের বেশে। আর কৌশানী বসে আছেন রাখাল ছেলের পিছে। তার পরনে স্কুল অথবা কলেজ ড্রেস।
শান্ত খান বলেন, ‘আমাদের শুটিং খুব ভালো চলছে। এটা একদমই অফ ট্র্যাকের একটা সিনেমা। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
এদিকে বুধবার শুটিং স্পটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৌশানী জানান, ‘এখানে এসেছি ‘প্রিয়া রে’ সিনেমার শুটিং করতে। এটি একটি ভালো কাহিনি নিয়ে করা ছবি। গ্রামের একজন মেয়ে চুপিসারে রাখালের সাথে প্রেমের একটি সুন্দর কাহিনি। সে ছবিকে আমি প্রিয়ার ভূমিকায় অভিনয় করে যাচ্ছি। যে ছবিটি আপনাদের ভালো লাগবে এবং মন কাড়বে। এখানকার দর্শক উপস্থিতি দেখে অনেক ভালো লাগছে।’
তিনি বলেন, এখানকার ইলিশের স্বাদ তার মুখে লেগে আছে। দেশে যাওয়ার সময় পূজা উপলক্ষে পদ্মা-মেঘনার ইলিশ নিয়ে যাবো এবং পরিবারের সবাই এক সঙ্গে স্বাদ উপভোগ করবো।
শাপলা মিডিয়ার প্রযোজনায় দুটি সিনেমার শুটিং শেষ করেছেন কৌশানী। শামীম আহমেদ রনির পরিচালনায় দুটি সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত।
কৌশানীর সঙ্গে রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত ও খরাজ মুখার্জি। তারাও এই সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন।
