মুফতি ইব্রাহীমকে ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

নজর২৪, ঢাকা- বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিথ্যা ও উস্কানিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় মুফতি কাজী ইব্রাহীমকে ১০ দিন রিমান্ডে চেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ওই মামলায় রিমান্ড চেয়ে গ্রেফতার মুফতি ইব্রাহীমকে আদালকে পাঠানো হয়েছে।

 

ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) শরিফুল ইসলাম জানান, মোহাম্মদপুর থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

 

এর আগে ডিএমপি’র ডিবি উত্তরের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল লতিফ।

 

তিনি বলেন, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ডিবি পুলিশের এক কর্মকর্তা।

 

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে জেড এম রানা নামে একজন বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করেন।

 

ওসি আরও বলেন, আজ আদালতে পাঠিয়ে দুটি মামলায় তার রিমান্ড চাইবে পুলিশ।

 

সম্প্রতি ওয়াজ মাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মুফতি ইব্রাহীম বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *