দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ভোট ১১ নভেম্বর

নজর২৪, ঢাকা- আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

 

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। আগামী সপ্তাহের তৃতীয় ধাপের ইউপি ভোটের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের পরবর্তী সভায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব।

 

উল্লেখ্য, এ পর্যন্ত প্রথম ধাপে দুই কিস্তিতে দেশের ৩৬৪টি ইউপিতে ভোট হয়েছে। এক ধাপে ভোট অনুষ্ঠানে তফসিল ঘোষণা হলেও করোনার কারণে দুই দফায় তা সম্পন্ন হয়। ২০ জুন ২০৪টি এবং ২০ সেপ্টেম্বর ১৬০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *