নজর২৪, ঢাকা- অর্ডারের পর ১২৫ সিসির একটি হিরো মোটরসাইকেল না দেওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির বিরুদ্ধে মামলা করেছেন আলমগীর হোসেন রিগ্যান নামে এক আইনজীবী। মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলসহ ১০ জনকে আসামি করা হয়েছে।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) মামলার বাদী আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে মামলাটি ২৭ সেপ্টেম্বর দায়ের করা হয়েছে। ওইদিন আদালত জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মামলার বাদী আলমগীর হোসেন রিগ্যান গত ৩০ এপ্রিল রাত ১০টায় ‘সাইক্লোন’ অফারটি দেখতে পান এবং ১ মে রাতে ইভ্যালি থেকে একটি মোটরবাইক অর্ডার করেন। যার ছাড়কৃত মূল্য ছিল ৭০ হাজার ৯৯ টাকা ও বাজারমূল্য ছিল ১ লাখ ২৭ হাজার টাকা।
এরপর ৩ মে রাতে অর্ডারকৃত পণ্যের জন্য ‘নগদ’ অ্যাপ ব্যবহার করে পরিশোধ করেন। ইভ্যালির পলিসি অনুসারে ৭ দিন থেকে ৪৫ দিনের মধ্যে বাইকটি বা বাইকের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও আসামিরা ১৪৯ দিনেও কোনো পদক্ষেপ নেয়নি।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। এরপর তাদের র্যাব সদর দপ্তরে নেওয়া হয়।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক প্রতিষ্ঠানটির এমডি ও সিইও রাসেল এবং তার স্ত্রী (প্রতিষ্ঠানের চেয়ারম্যান) শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন।
