বিনোদন ডেস্ক- কোনো শোরগোল ছাড়াই গতকাল ঢাকায় পৌঁছান কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা কৌশানী মুখার্জি। তবে ব্যক্তিগত কারণে তিনি আসেননি। সিনেমার কাজেই বাংলাদেশে এসেছেন এই নায়িকা। তাই তো রাজধানীতে বেশিক্ষণ দেরি না করেই একেবারে শ্যুটিং স্পট চাঁদপুরের উদ্দেশে রওনা দেন।
শাপলা মিডিয়া প্রযোজিত নতুন সিনেমা ‘পিয়া রে’ ছবির শ্যুটিংয়ে অংশ নেবেন তিনি। ছবিটির প্রযোজক সেলিম খান বলেন, ‘আজ থেকে পুরোদমে শ্যুটিং করবেন কলকাতার নায়িকা কৌশানী। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। চাঁদপুরে একটানা ছবির কাজ চলবে।’
এদিকে চাঁদপুরে গিয়ে কৌশানি গণমাধ্যমকে জানান, নিজের দেশ থেকে আরেক দেশে শুটিং করতে এলাম। কিন্তু মনে হচ্ছে না অন্য দেশে এসেছি। একই ভাষা, একই রকম মানুষ, একই রকম মানুষের আচরণ। পার্থক্য শুধু দেশের নামে।
তিনি বলেন, ঢাকায় এয়ারপোর্টে নামার পর বেশিক্ষণ সেখানে থাকা হয়নি। যেখানে শুটিং সেখানে চলে এসেছি। জায়গাটার নাম চাঁদপুর। এখানকার ইলিশ আমাদের কলকাতায় খুবই বিখ্যাত। আসার সময় বাবাও বলে দিয়েছে ফেরার সময় যেনো এখনকার ইলিশ নিয়ে ফিরি। তাই ফেরার সময় চাঁদপুরের ইলিশ নিয়েই কলকাতায় ফিরবো’।
এ সময় কৌশানি আরও বলেন, ‘বাংলাদেশে যেহেতু আসা হয়েছে, তাই কাজের ফাঁকে সময় করে এখানকার কিছু জায়গা ঘুরে দেখবো। বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে চাই। আজই এখনকার টাটকা ইলিশ মাছের স্বাদ নেবো।’
‘প্রিয়া রে’ ছবিটি পরিচালনা করছেন পূজন মজুমদার। আজ থেকে পুরোদমে চলবে শুটিং। এতে কৌশানির বিপরীতে আছেন শান্ত খান। ছবিতে কলকাতার রজতাভ দত্ত ও খরাজ মুখার্জিও থাকছেন। আরও আছেন বাংলাদেশের একঝাঁক অভিনেতা। চাঁদপুরে টানা ছবির কাজ চলবে বলে জানিয়েছেন পরিচালক। কৌশানি ১৫ দিনের মতো থাকবেন এখানে।
পরিচালক পূজন বলেন, ’আজ শুটিং শুরু হচ্ছে। ঢাকায় নামার পর রাতেই চাঁদপুর এসে পৌচেছেন কৌশানি। আমরা টানা শুটিং করে ছবিটি দ্রুত শেষ করতে চাই। আমার প্রথম ছবিটি এটি। তাই সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় ‘লাভ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী। তাঁর বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। তবে এগুলো সবই টালিউডের ছবি।
