যে কারণে আটক হলেন মুফতি কাজী ইব্রাহিম

নজর২৪, ঢাকা- ওয়াজ মাহফিলে আলোচিত-সমালোচিত বক্তা মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

 

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাঁকে আটক করা হয়। বর্তমানে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

ঠিক কী কারণে তাকে ডিবি পুলিশ আটক করেছে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন,  ‘মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ছিল। তিনি ফেইসবুক, ইউটিউব ও ওয়াজে উল্টা-পাল্টা কথা বলেন। তার এসব কথার জন্য মানুষের কাছে ভুল ম্যাসেজ যায়। ওইসব অভিযোগ যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি। আমরা তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি তিনি এসব কেন করেন।’

 

মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে কোন মামলা আছে কি না এবং তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, ‘তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না সেটা আমরা জানার চেষ্টা করছি। আর তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না তা এখনি বলা যাচ্ছেনা। তিনি উল্টাপাল্টা কথা কেন বলেন সেটার উত্তর জানতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। তার উত্তরের উপর ভবিষ্যত করণীয় নির্ভর করছে।’

 

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে আজ ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এর আগে, সোমবার রাতে তার বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে এসে ‘র’ এর এজেন্ট, গুণ্ডা ডিবি পুলিশ তার বাসা ঘেরাও করেছে বলে অভিযোগ তুলে ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন মুফতি ইব্রাহীম।

 

উল্লেখ্য, তার (মুফতি ইব্রাহীম) বক্তব্যের অনেক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। তিনি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞানসহ নানা বিষয়ে ওয়াজ করেছেন।

 

এই ধর্মীয় বক্তা এমন বক্তব্যও দিয়েছেন যে, ‘করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *