নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী করা ধর্ষণ মামলার প্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদ কর্তৃক গঠিক তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। ওই প্রতিবেদন সেই ছাত্রীকে ধর্ষণের কোন প্রমাণ পাওয়া যায়নি।
আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে ছাত্র অধিকার পরিষদের তদন্ত কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। পরিষদের ওই তদন্ত কমিটি জানায়, ঢাবির সেই ছাত্রীকে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের মতো কোন ঘটনার তদন্ত কমিটি প্রমাণ পায়নি। এছাড়া ওই অভিযোগকারীও এ কমিটির কাছে কোন তথ্য প্রমাণ দিতে পারেননি।
এদিকে, ছাত্র অধিকার পরিষদের তদন্ত কমিটির প্রতিক্রিয়ায় ভুক্তভোগী ওই ছাত্রী গণমাধ্যমকে বলেন, ধর্ষণের প্রমাণ আমি পুলিশের কাছেই দিয়েছি। তাদের কাছে (পরিষদের তদন্ত কমিটি) কেন এ প্রমাণ দেব? এসময় তিনি তদন্ত কমিটির এই প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন।
জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে রাজধানীর লালবাগ থানায় মামলা করেন ঢাবির ইসলাম শিক্ষা বিভাগের ওই ছাত্রী। এতে হাসান আল মামুনকে প্রধান আসামি এবং ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনকে আসামি করা হয়।
পরদিন ওই ছাত্রী রাজধানীর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তবে ১৭ দিন পার হলেও কোন আসামি গ্রেফতার। না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তিনি। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, আজ সন্ধ্যায় তিনি হাসপাতাল থেকে ফের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেছেন বলে জানা গেছে
