বিনোদন ডেস্ক- ফেসবুকে বেশ সরব ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। প্রতিনিয়ত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি। নায়িকার সেসব পোস্টে বিভিন্ন মন্তব্য করেন স্বামী কামরুজ্জামান সরকার রাকিব।
দিন পাঁচেক আগে (২১ সেপ্টেম্বর) শুটিংয়ের সেট থেকে একটি ছবি পোস্ট করেন মাহি। সেখানে তাকে সাদা শাড়িতে জানালার পাশে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লিখেছেন- ‘আমি নরসুন্দরী।’ সঙ্গে জুড়ে দিয়েছেন কালো রঙের লাভ চিহ্ন।
মাহির সেই পোস্টে রাকিব সরকার লিখেছেন- ‘তুমি আমার জান কলিজা।’ সঙ্গে লাল রঙের ভালোবাসার চিহ্ন। রাকিবের এমন ভালোবাসাময় কমেন্টে প্রায় চারশো রিয়্যাক্ট পড়েছে।
এদিকে স্বামীর মন্তব্যের জবাবে ক্যাপশনের সঙ্গে মিল রেখে মাহি লিখেছেন- ‘তোমার চুল কাইটা দিবো এখন থেকে।’ রাকিবও কম যান না, মজার ছলে মাহির উদ্দেশ্যে তিনি লিখেছেন- ‘এটিএন বাংলা স্টাইল করে দিবা প্লিজ?’ রাকিবের মন্তব্যে স্পষ্ট, তিনি বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের হেয়ার স্টাইলের ইঙ্গিত করেছেন।
এদিকে গেলো শুক্রবার (২৪ সেপ্টেম্বর) শাড়ি পরা একটি ছবি পোস্ট করেছেন মাহি। পেছন থেকে তোলা সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন- তোমার শোক, তোমার শক্তিতে পরিণত হোক। যে শক্তির সামনে তামাম পৃথিবী মাথা নিচু করে রাখতে বাধ্য হবে। তোমার শোক, তোমাকে শান্ত করে দিক। যে গম্ভীর চোখ দেখলে চাপাতি হাতে সবচেয়ে ভয়ঙ্কর দুর্ধর্ষ খুনিটাও মুহূর্তে শিশু হয়ে যাবে।
স্ত্রীর এমন ক্যাপশনে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়েছেন রাকিব। তিনি মন্তব্য করেছেন- ‘বুঝি কম।’
প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন মাহি। এরপর বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। গত মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।
পরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা রাকিব সরকারের সঙ্গে গত ১৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর আগে তারা বেশ কিছু দিন প্রেম করেছেন।
