বিনোদন ডেস্ক- শেষ কোরবানি ঈদের দিন এফডিসির খুব কাছাকাছি এসেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। অনেক দিনের বিরতির পর শুক্রবার সন্ধ্যায় নিজের চেনা জগতে আবার আসেন তিনি।
নিজের অভিনীত সিনেমা প্রীতিলতা নিয়ে কথা বলতেই তার আগমন এফডিসিতে। মাদ.ক.দ্র.ব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১ সেপ্টেম্বর কারামুক্তির পর প্রথমবার সংবাদমাধ্যমের সামনাসামনি এলেন পরীমনি।
না, কারাজীবন নিয়ে কিছু বলেননি। কথা বলেছেন প্রীতিলতা সিনেমা ও চরিত্র নিয়ে কিছু কথা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দেন তিনি।
প্রীতিলতা চরিত্রের জন্য পরীমনির প্রস্তুতি কেমন, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রীতিলতা সিনেমা ও চরিত্র নিয়ে এখন কি আমার কিছু বলার কথা? প্রীতিলতাকে নিয়ে এখন আমার দেখানোর কথা। দুই বছর ধরে আমরা সিনেমাটি নিয়ে অপেক্ষা করছি। সবাইকে অনুরোধ করব পর্দায় প্রীতিলতাকে দেখতে।’
পরীমনি আরও বলেন, ‘আমার ওপরে এমন একটি চরিত্রের দায়িত্ব দেয়ার জন্য পরিচালক ও চিত্রনাট্যকারের কাছে আমি কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, আমি সেই দায়িত্ব পালন করতে পারব এবং আমার বিশ্বাস অবশ্যই পারব।’
কেন এই কৃতজ্ঞতা? পরী বলেন, ‘কোনো কিছু ফুটিয়ে তোলার জন্য একটা ক্যানভাস লাগে। হয়তো সেটা আমি। হয়তো ওনার মনে হয়েছে সেটা আমিই সবচেয়ে ভালো করে করতে পারব। রংতুলি নিয়ে উনি বসে আছেন আমাকে আঁকবেন বলে। আমি হয়তো ওনার সেই কমফোর্ট জোন তৈরি করতে পেরেছি।’
প্রীতিলতা পরীমনির কাছে এক অনুভূতির নাম, যাকে নিয়ে ক্যামেরা আর মাইক্রোফোনের সামনে হুট করে এসে বলে ফেলা যায় না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান নায়িকা।
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। এর মধ্যে ছবিটির ৩৫ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে অক্টোবরে। নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘“প্রীতিলতা” আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন সময় নিয়ে ছবিটি নির্মাণের পরিকল্পনা করেছি। অক্টোবরের শেষ দিকে বাকি অংশের শুটিং শুরু করব।’
পরিচালক তাঁকে নিয়ে নাকি টেনশনে ছিলেন তিনি শেষ পর্যন্ত এই ছবিতে অভিনয় করবেন কি-না। এ প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বলেন, ‘এই প্রশ্ন তো আমাকে কেউ কখনো করেনি। আমি কেন করব না? এমন চরিত্র একজন শিল্পীর জীবনে প্রতিদিন আসে না।’
পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘অনেকেই অনেক কথা বলেছেন। তবে আমাদের টিম কাজের শুরু থেকে যেমন পরীমণিকে নিয়ে চিন্তা করছে, এখনো তাই করছে। পরীমণি যথাসময়ে শুটিং শুরু করেছেন। মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও আবার নতুন উদ্যোমে শুটিং শুরু করতে পারব বলে আশা রাখি।’
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের আ.ত্মা.হু.তির দিন ছিল শুক্রবার। এ দিনেই সংবাদ সম্মেলেনের আয়োজন করেন সিনেমাটির পরিচালক রাশিদ পলাশ ও চিত্রনাট্যকার গোলাম রাব্বানীসহ প্রীতিলতা টিম।
পরিচালক জানান, সিনেমাটি নিয়ে অনেক দিন আগে থেকে কাজ শুরু হলেও কোনো অনুষ্ঠানে টিমের সবাই জড়ো হয়নি। সে কারণেই সংবাদ সম্মেলনের আয়োজন।
ছবিতে দুটি চরিত্রে দেখা যাবে পরীমণিকে ‘অলিভিয়া’ ও ‘প্রীতিলতা’। ছবিতে অলিভিয়া কে জানতে চাইলে ছবির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী জানান, ‘বর্তমান সময় থেকে গল্পটি শুরু করার জন্য অলিভিয়া চরিত্রটির জন্ম। এই চরিত্রটি মূলত এ সময়ের নায়িকা। তাই তার লুকটাও এ সময়ের। ধীরে ধীরে তাকেই প্রীতিলতা হয়ে উঠতে দেখবেন দর্শক। অলিভিয়া চরিত্রটির ব্যাপ্তি খুবই কম। এই চরিত্রটি প্রীতিলতা হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সিনেমার গল্প এগিয়ে যাবে। যাঁরা মনে করছেন এটা পিরিয়ডিক সিনেমা কি না কিংবা প্রীতিলতা চরিত্রটিকে আরও ফিকশনাল করা হলো কি না, সেসব ভাবার সুযোগ নেই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছবির অন্যতম অভিনেত্রী শম্পা রেজাসহ টিমের অন্য সদস্যরা।
