গিয়াস উদ্দিন রনি: নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫০ হাজার টাকা খোয়ালেন সাবেক পুলিশ কর্মকর্তা ওমর ফারুক (৭৫)। গতকাল বুধবার (২২ সেপ্টেম্বর) উপজেলার চাটখিল বাজারের ইসলামী ব্যাংক সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে চাটখিল ইসলামি ব্যাংক শাখা থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করেন উপজেলার নোয়াখলা গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওমর ফারুক। তিনি টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হলে আগ থেকে ওৎপেতে থাকা অজ্ঞান পার্টির চক্রের সদস্যরা তাকে নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে অচেতন করে দেয়।
এরপর অজ্ঞান পার্টির সদস্যরা তার সাথে থাকা ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





