নজর২৪ ডেস্ক- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করার অভিযোগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের শাস্তি চেয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তার দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্তত চারটি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। সড়কে টায়ার জ্বালিয়ে এই বিক্ষোভে মেয়রের পদ কেড়ে নেয়া, আওয়ামী লীগ থেকে বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেয়ার দাবি তুলছেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।
বেলা তিনটার দিকে টঙ্গী হোসেন মার্কেট, চেরাগ আলী, স্টেশন রোড, বোর্ড বাজারে অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ যানজট তৈরি হয়।
নেতা-কর্মীরা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট বক্তব্য দাবি করে বলছেন, তাদের দাবি পূরণ না হলে তারা বিক্ষোভ প্রত্যাহার করবেন না।
ভিডিওটি ছড়িয়ে পড়ার সময় মেয়র ছিলেন ভারতে। গত রাতে তিনি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ২০ মিনিটে ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, যে ভিডিও ছড়িয়েছে, তার পুরোটাই বানোয়াট। ‘সত্যটা’ জানিয়ে তিনি বলেছেন, যারা এই ভিডিও ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
মেয়রের দাবি, বঙ্গবন্ধুকে তিনি অন্তরে ধারণ করেন। তার অস্তিত্ব এবং ভালোবাসা হলেন তিনি।
গাজীপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এই বানোয়াট ভিডিও ছড়ানো হয়েছে দাবি করে তিনি বলেন, ‘যারা এই অন্যায় কাজ করছে আমি আইনের সহযোগিতা নিয়ে, যারা বিজ্ঞ আইনজীবী তাদের পরামর্শে আইনগত ব্যবস্থা নেব।’
ফেসবুকে যারা ভিডিওটি ছড়াচ্ছেন তাদেরকে সেটি ডিলিট করে দেয়ার পরামর্শও দেন মেয়র জাহাঙ্গীর।
