Home জাতীয় ১৮ বছরের নিচে সবাই শিশু, বিষয়টি ভাবনার সময় এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮ বছরের নিচে সবাই শিশু, বিষয়টি ভাবনার সময় এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
157

নজর২৪, ঢাকা- দেশে ১৮ বছরের নিচে সবাইকে শিশু হিসেবে বিবেচনা করার বিষয়টি নিয়ে এখন চিন্তা-ভাবনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

 

কিশোর অপরাধ দমনে জনসচেতনতামূলক কর্মকাণ্ডের আওতায় ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করব দমন’ শীর্ষক টিভিসি উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি যখন এসএসসি পাস করেছি তখন আমার বয়স ছিল ১৫ বছর। বর্তমানে যারা নিয়মিত পড়াশোনা করেন ১৮ বছর বয়সে তারা বিশ্ববিদ্যালয়ে চলে যান। আমাদের মনে হয় ১৮ বছরের এ সময়সীমা নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। আন্তর্জাতিক একটি আইনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় এটি করা হয়েছে। কিন্তু এর ফলে কিশোর অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর বেগ পেতে হচ্ছে। তাই বিষয়টি নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে।

 

তিনি বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে, কিশোররা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধ প্রবণতা এবং গ্রেফতারের সংখ্যা বেড়ে যাওয়ায় কিশোর সংশোধনাগারে স্থান সংকুলান হচ্ছে না।

 

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মা-বাবা যদি সন্তানের প্রতি খেয়াল না করে শুধু মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অভিযানে কিশোর গ্যাং প্রতিরোধ করা সম্ভব নয়। ভবিষ্যৎ নেতৃত্ব দেবে যেই তরুণ প্রজন্ম, তারা যেন পথ না হারায়, এ জন্য সবাইকে সচেতন থাকতে হবে।’

 

অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, ‘গত তিন থেকে চার বছর ধরে কিশোর গ্যাং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অনেক চ্যালেঞ্জ তৈরি করেছে। কিশোর আইন হালনাগাদ করা হয়েছে। ১৮ বছরের নিচে সবাই শিশু। ইতোপূর্বে আইনগত ব্যবস্থা নেওয়া হলেও বর্তমান আইনের কারণে এখন আর সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। গ্রেফতারের সঙ্গে সঙ্গে তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। কিশোর সংশোধনাগারে ক্যাপাসিটি কত এ ব্যাপারে আমাদের কাজ করতে হবে। এছাড়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্যারেন্টাল কন্ট্রোল এর বিষয়টি রয়েছে, যেখানে সামাজিক নিয়ন্ত্রণ দরকার। কমিউনিটির একাত্মতার মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ জরুরি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here