মো:নজরুল ইসলাম, ঝালকাঠি: শিল্পীর নিপুণ শৈলীতে বাঁশ, খড়ের কাঠামোতে মাটির আস্তরণে দেবীর অবয়ব তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আর কিছুদিন পরেই রং-তুলির আঁচড়ে মৃন্ময়ী রূপ ফুটে উঠবে চিন্ময়ী দুর্গার।
ঝালকাঠিতে প্রতিমা কারিগর পরান পাল বলেন, ‘২৫ বছর ধরে এই কাজ করছি। এবার ৯টা মন্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছি। সময়মতো এসব প্রতিমা পূজা উদযাপন কমিটির কাছে হস্তান্তর করতে দিনরাত কাজ করে যাচ্ছি।
করোনার আগে প্রতিটি প্রতিমা তৈরি করতে ৫০ হাজার টাকা পাওয়া যেত, কিন্তু চলমান পরিস্থিতির কারণে মজুরি ২৫-৩০ হাজার টাকায় নেমে এসেছে।
শহরের হরিসভা রাধাগোবিন্দ মন্দিরে প্রতিমা তৈরি করছেন কারিগর উত্তম পাল। তিনি বলেন, ‘বাপ-দাদার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই পেশার সঙ্গে জড়িয়ে রয়েছি। আমার সন্তানরা অন্য পেশায় চলে গেছে। বর্তমানে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় আমাদের আগের মতো পোষায় না। আমি এবার ১৪ খানা প্রতিমা বানানোর কাজ পেয়েছি। বাড়িতেও কিছু প্রতিমা বানিয়ে রেখেছি কম দামে “রেডিমেইড” বিক্রি করার জন্য।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঝালকাঠির মদনমোহন আখড়াবাড়ি মন্ডপে প্রতিমা বানাতে এসেছেন ভাস্কর শ্রীবাস গাইন। তিনি বলেন, ‘হাতে সময় আছে ১৯ দিন। এর মধ্যে মাটির কাজ, রং, পোশাক এবং অলংকার পরানোর কাজ শেষ করে মন্দির কর্তৃপক্ষের কাছে প্রতিমা বুঝিয়ে দিতে হবে। তাই পাঁচজন মিলে দিন-রাত কাজ করে যাচ্ছি।
প্রতিমাশিল্পী সৈকত বিশ্বাস বলেন, করোনায় গত বছর বাড়িতে বসা ছিলাম। এ বছর কাজ করতে পেরে আমি আনন্দিত, কারণ আমার আর্থিক জোগান হচ্ছে। আমরা স্বাস্থ্যবিধি মেনে, করোনার টিকা নিয়েই কাজে নেমেছি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু তরুণ কুমার কর্মকার বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিত রাখতে জেলায় ১৬৯টি মন্ডপেই মন্ডপ কমিটি প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে। সব মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলায় রাতে নিরাপত্তার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে। অসাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশের মাধ্যমে এবারের শারদীয় উৎসব বর্ণিলভাবে পালন হবে বলে আশাবাদী তিনি।
তিনি আরও বলেন, পঞ্জিকা মতে এ বছর দেবী দুর্গা আসবেন গজে (হাতি) আর গমন করবেন দোলায়। এ বছর মায়ের কাছে মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে।
