গণ-আত্মহত্যার হুমকি দিলেন ইভ্যালির গ্রাহকরা

নজর২৪ ডেস্ক- চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর অফিসগুলো বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের আলোচিত ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান ইভ্যালি।

 

শনিবার ফেসবুক ভেরিফায়েড পাতায় ইভ্যালি এক ঘোষণায় বলেছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ১৮ সেপ্টেম্বর ২০২১ শনিবার থেকে ইভ্যালি এমপ্লয়িরা নিজ নিজ বাসা থেকে অফিস কার্যক্রম পরিচালনা করবেন।

 

এদিকে আজ শনিবার সন্ধ্যায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের মুক্তির দাবিতে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের বিক্ষোভ হয়। তাদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান গ্রাহকরা।

 

বিক্ষোভে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করা একজন ব্যক্তি বলেন, আমরা রাসেলের মুক্তি চাই। রাসেল ভাইকে সময় দিতে হবে। এইখানে মানুষের সর্বোচ্চটা দেওয়া আছে, যদি এইখানে বিচার করতে আসেন তাহলে আপনাদের সমাধান দিতে হবে, বলে দিতে হবে এই টাকা কিভাবে গ্রাহকরা পাবে।

 

এই টাকা রাসেল ভাইকে সবাই দিয়েছে, রাসেল ভাই আশ্বস্ত করেছে সবাইকে টাকা দিবে। এই টাকাটা সবাই কিভাবে পাবে সেটা এখনো কেউ বলতে পারে নাই। কিন্তু রাসেল ভাই বলেছে আমাদের টাকা ছয় মাসে ফেরত দিবে। এই টাকা যদি আগের ইতিহাসের মতো হয় তাহলে গণ-আ.ত্ম.হত্যা হবে। আর এর জন্য দায় থাকবে বাণিজ্য মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

গ্রাহকরা জানান, আমাদের টাকা কে দিবে? সরকার যদি টাকা ফেরত দেয় তাহলে রাসেলকে আটকে রাখুক, আর যদি টাকা ফেরত দিতে না পারে তাহেল রাসেলকে ছেড়ে দিক। সে সময় চেয়েছিল তাকে সময় দেওয়া হোক।

 

গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক মামলা করেন। মামলার পর বিকেলেই রাসেলকে গ্রেপ্তার করে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *