ক্ষমতায় বেশি দিন থাকলে যা হওয়ার, তাই হচ্ছে : কাদের মির্জা

নজর২৪, নোয়াখালী- বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, দেশে বিরোধী দল নেই। আওয়ামী লীগ এক তরফা সব করছে। এটা হচ্ছে দুঃশাসন। দুঃশাসন চলছে।

 

তিনি বলেন, আমি জানি ভবিষ্যতে বাংলাদেশে আজকে যে অপরাজনীতি অনিয়ম, দুর্নীতি ভোট চুরির রাজনীতি চলছে তার অবসান ঘটনার জন্য সাংবাদিকরা সাথে থাকবেন।

 

জাতীয় পার্টির চিফ হুইপ সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার কঠোর সমালোচনা করে কাদের মির্জা বলেন, ‘এই রাঙ্গা সেই রাঙ্গা। যে রাঙ্গাকে পৌরসভার মেয়র থেকে মন্ত্রী করেছে। আজকে সেই রাঙ্গা প্রধানমন্ত্রীকে বলে স্বৈরাচার। এরশাদ বিরোধী আন্দোলনের সেই নূর হোসেনকে বলেছে মাদকাসক্ত, ইয়াবাসক্ত। কোথা থেকে এনে এদের মন্ত্রী বানায়, আমি বুঝি না। এরা বানর। রাঙ্গা পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ। পরিবহন জগতকে ধুয়ে মুছে খেয়েছেন আপনি। আজকে বড় বড় কথা বলেন। আজকে এসব কেন চলে? দেশে বিরোধী দল নেই। এজন্য এগুলো চলছে। আওয়ামী লীগ এক তরফা সব করছে। এটা হচ্ছে দুঃশাসন। দুঃশাসন চলছে। এক তরফা সব হচ্ছে। সব লুটপাট করছে। বলার কেউ নেই। আর ক্ষমতায় বেশি দিন থাকলে যা হওয়ার, তাই হচ্ছে।’

 

শনিবার দুপুরে বসুরহাট পৌরসভা হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী দিনে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গার দেয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

 

কাদের মির্জা বলেন, ‘ব্যারিস্টার সুমন একটা বাহির হইছে। সে নাকি আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক। সে একজন ওসির বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দেওয়ায় মামলা দিয়েছে। সে (সুমন) কী করে যুবলীগ করে। আমি প্রধানমন্ত্রীকে বলবো ’জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানকে জাতীয় স্লোগান করা হোক।’

 

বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনি বলেছেন ঘরে ঘরে চাকরি দিবেন। কিন্তু সেটা না দিলেও ঘরে ঘরে মামলা দিয়েছেন। আপনার স্ত্রী ইসরাতুন্নেছা কাদের নোয়াখালীর অপরাজনীতির হোতাদের সঙ্গে হাত মিলিয়ে আমার নেতাকর্মীদের হয়রানি করছে। সে আমাকে হত্যার জন্য কোটি কোটি টাকা দিয়েছে। ওবায়দুল কাদের সাহেব এর জবাব আপনাকে দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *