নজর২৪, ঢাকা- আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য তৈরি করা মঞ্চ ভেঙে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসব ভূঁইফোর সংগঠনের অনুষ্ঠানে অতিথি না হতে কেন্দ্রীয় নেতাদেরও নির্দেশ দিয়েছেন তিনি।
২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন কর্মসূচি বন্ধ করে সেখান থেকে তাদের তুলে দিতে। এরপর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গিয়ে তাদের কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেন।
এ বিষয়ে বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নামে একটি সংগঠন আওয়ামী লীগের এবং পুলিশ প্রশাসনের কাছে কোনো অনুমতি না নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আয়োজন করেছিল। দলের সাধারণ সম্পাদকের নির্দেশে ওই সংগঠনের কর্মসূচি বন্ধ করে তুলে দেওয়া হয়েছে। এসব সংগঠনের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়।
এরপর কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় কাদের বলেন, ‘আওয়ামী লীগ অফিসের সামনে কিছুক্ষণ অগে খবর পেলাম প্রচার লীগ নামে এক ভূঁইফোর দোকান, প্রতিষ্ঠালগ্নের কী আয়োজন করেছে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। মুক্তিযোদ্ধা প্রজন্মের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই।
‘কিন্তু লীগ আর আওয়ামী যখন যুক্ত হয় তখন এখানে আমাদের সংশ্লিষ্ঠতা এসে যায়। এখানে আমাদের ভাবমূর্তির সঙ্গে বিষয়টি এসে যায়, কারণ এসব দোকান অনেকে খুলে থাকে চাঁদাবাজির জন্য, এগুলো আসলে চাঁদাবাজির প্রতিষ্ঠান।’
ওবায়দুল কাদের বলেন, সবাই করে তা-না, কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে, এরা চাঁদাবাজি নির্ভর। চাঁদাবাজি পার্টি, এরা দলের নাম ভাঙায়। কাজেই এই সব সংগঠনের কোনো প্রকার আয়োজনে, বৈঠকে প্রতিষ্ঠাবার্ষিকী হোক, যেটাই হোক আমি আমাদের কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাবো, আপনারা কোনো অবস্থাতেই এসব সংগঠনের সভায় উপস্থিত থাকবেন না, থাকতে পারেন না। এটা আমাদের পার্টির নীতির বিরুদ্ধে।
