অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার:টাঙ্গাইল পৌর এলাকার আকুর টাকুর পাড়া বটতলায় পৌরসভার বাস্তবায়নে সিটি বাজার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
(১২ সেপ্টেম্বর) রবিবার সিটি বাজার এর উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল- সখিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি।
টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।
উল্লেখ্য, সিটি বাজার এর জায়গাটি সরকারি” ক “তফসিলভুক্ত ৬৬ শতাংশ জায়গা। এই জায়গাটি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী কর্তৃক বেদখল ছিলো। টাঙ্গাইল জেলা প্রশাসন জায়গাটি দখলমুক্ত করে পৌরসভার অনুকূলে বরাদ্দ দেয় এবং শহরের বটতলায় রাস্তার উপরে যে কাঁচাবাজার ছিলো সেই বাজারটি স্থানান্তর করার জন্যই এখানে টাঙ্গাইল পৌরসভার বাস্তবায়নে নির্মাণ করা হয়েছে একটি আধুনিক কাঁচাবাজার।
