Home রাজধানী শ্রেণিকক্ষ নোংরা, পরিদর্শনে গিয়ে অধ্যক্ষকে বরখাস্ত করলেন শিক্ষামন্ত্রী

শ্রেণিকক্ষ নোংরা, পরিদর্শনে গিয়ে অধ্যক্ষকে বরখাস্ত করলেন শিক্ষামন্ত্রী

0
135

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের কারণে দীর্ঘ ১৮ মাস দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। দীর্ঘ এই স্থবিরতা কাটিয়ে আজ রোববার (১২ সেপ্টেম্বর) দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এর প্রস্তুতি হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো আগে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

 

তবে তা পালন না করে শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখায় আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে সেই অধ্যক্ষের নেতৃত্বে গঠতি মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়।

 

আজ সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুল পরিদর্শনে গিয়ে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

 

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা একরকম নয়। যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের প্রতিটা আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা না থাকে। যতটা ভালো পারা যায়, আমরা চেষ্টা করছি।

 

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরে এর নম্বরগুলো প্রচার করা হবে। যে কেউ এসব নম্বরে ফোন করে যদি জানান, যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনও রকম সমস্যা আছে; আমরা তা সমাধানে ব্যবস্থা নেবো।

 

শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ‌্যবিধি মেনে চলতে হবে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ‌্যমান ময়লা-আবর্জনা পাওয়া যায়, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ইনস্ট‌্যান্ট ব‌্যবস্থা নেওয়া হবে।

 

স্কুল ড্রেস নিয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উদ্দেশে আমি বলতে চাই, আপনারা শিক্ষার্থীদের স্কুল ড্রেসের বিষয়ে চাপ দেবেন না। এ ব্যাপারে সংশ্লিষ্টদের দায়িত্ব নিতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here