বিনোদন ডেস্ক- ব্যক্তিজীবনে বেশ ধর্মভীরু ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। একাধিকবার ওমরাহ হজে গিয়েছেন, সময় পেলেই মন দেন ইবাদত-বন্দেগিতে। একবার বেসরকারি টেলিভিশন চ্যানেল নিজের এমন ধর্মভীরুতার কথাও জানিয়েছিলেন চিত্রনায়ক।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শাকিব খান বলেন, ‘সবার ওপরে আমি মানুষ, মুসলমান। যে কারণে আমাকে ধর্ম পালন করতে হবে। রোজার সময় রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে। আর সিনেমা হচ্ছে আমার প্রফেশন। আমি মনে করি আমার প্রফেশনটাও ঠিকমতো করতে হবে। সবকিছু বিবেচনা করে আমি ট্রাই করি আমার ব্যক্তিজীবন, পেশাজীবন সবখানেই ভালো করতে।’
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের পথে। তাই এফডিসি ঘিরে বইছে নতুন নির্বাচনের হাওয়া। বুধবার (৮ সেপ্টেম্বর) হঠাৎ করে খবর ছড়ায় যে, আসন্ন নির্বাচনে সভাপতি পদে লড়বেন শাকিব খান। যিনি অতীতে সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
কিন্তু এই গুঞ্জনকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করে তিনি বললেন, ‘শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না।’
শাকিব বলেন, ‘নির্বাচন নিয়ে আমি মোটেও ভাবি না। আমার এত সময়ও নেই। সংগঠন দিয়ে কোনোভাবেই ইন্ডাস্ট্রি এগোবে না। যেসব খবর ছড়িয়েছে, তা মনগড়া। সমিতি নিয়ে মাতামাতি ও নির্বাচন করলে ইন্ডাস্ট্রি কোনোভাবেই আগাবে না। ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে হলে ভালো ভালো কাজ করতে হবে।’





